উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্যের ‘তীব্র প্রতিবাদ’ জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বক্তব্যটিতে জনসম্মুখে দায়িত্বশীলতার সঙ্গে কথা বলা প্রয়োজনীয়তার বিষয়টি উপেক্ষিত থেকে গেছে বলে মন্তব্য করেছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।
শুক্রবার (২০ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি উল্লেখ করেন, নয়াদিল্লি সংশ্লিষ্ট সবাইকে ভেবেচিন্তে বক্তব্য রাখার বিষয়টি মনে করিয়ে দিতে চায়।
রণধীর জয়সোয়াল বলেন, ‘আমরা এ বিষয়ে বাংলাদেশ পক্ষকে আমাদের তীব্র প্রতিবাদ জানিয়েছি। আমরা বুঝতে পারছি, যে পোস্টের বিষয়ে কথা হচ্ছে, তা সরিয়ে নেয়া হয়েছে। আমরা জনসম্মুখে ভেবেচিন্তে বক্তব্য দেয়ার বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে মনে করিয়ে দিতে চাই। ভারত বারবার বাংলাদেশের জনগণ এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দিয়েছে। সেখানে এ ধরনের বক্তব্যে জনসম্মুখে দায়িত্বশীলতার সঙ্গে কথা বলার প্রয়োজনীয়তা উপেক্ষিত থেকে গেছে।’
ভারতীয় সংবাদমাধ্যমের ভাষ্যমতে, সম্প্রতি উপদেষ্টা মাহফুজ আলমের এক ফেসবুক পোস্টে বলা হয়, যে বিক্ষোভ শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগে বাধ্য করেছে ভারতের উচিত সেটিকে বুঝতে পারা।
পরে এ ফেসবুক পোস্টটি সরিয়ে ফেলা হয় বলে দাবি করছে ভারতীয় সংবাদমাধ্যম।










