নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাকাতি, মাদক, কিশোর গ্যাংয়ের মূল হোতা ২১ মামলার আসামি রাজু বাহিনীর প্রধান রাজুসহ একসহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোবরাব রাতে ফতুল্লার দাপা ইদ্রাকপুর জুবায়ের ফিলিং স্টেশনের পেছনে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়।
আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমীর খসরু এসব তথ্য জানান।
তিনি জানান, রাজু বাহিনী ফতুল্লা বাশমুলি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিলেন। এলাকায় যে কোনো ব্যবসা প্রতিষ্ঠা চালু হলে বা ভবন নির্মাণ করতে হলে রাজুকে চাদাঁ দিতে হতো। এলাকায় রয়েছে বিশাল কিশোর গ্যাংয়ের বাহিনী। সম্প্রতি এক ঝুট ব্যবসায়ীকে বাশমুলি এলাকায় রাস্তায় আটকে প্রকাশ্যে পিটানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশের নজরে আসে।
রাতে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে সহযোগী শুভসহ রাজুকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি সুইস গিয়ার জব্দ করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু জানান, রাজুর বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি, বিস্ফোরক, অস্ত্র আইনে ২১টি মামলা রয়েছে। এছাড়া তার সহযোগী শুভর বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। রাজু কশিপুর বাশমুলি এলাকার রিয়াজুল প্রধানের ছেলে। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, ফতুল্লা থানার ওসি শেখ রিজাউল হক।
ফতুল্লা থানার ওসি শেখ রিজাউল হক জানান, সন্ত্রাসী রাজু বাহিনীর প্রধান রাজুকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতের পাঠানো হয়েছে।










