শক্তিশালী ভূমিকম্পের ফলে মিয়ানমারে নিহতের সংখ্যা বেড়ে ৬৯৪-এ পৌঁছেছে এবং আহতের সংখ্যা অন্তত ১ হাজার ৬৭০ জন বলে জানিয়েছে দেশটির সামরিক সরকার। খবর স্কাই নিউজ।

মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং আরো জানান, এখনো ৬৮ জন নিখোঁজ রয়েছেন এবং দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার নির্দেশ দেয়া হয়েছে।

যুদ্ধবিধ্বস্ত মিয়ানমার ও থাইল্যান্ডে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে নেমে এসেছে বিপর্যয়। দেশটিতে সহস্রাধিক প্রাণহানির আশঙ্কা করছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মিয়ানমারের প্রতিবেশী থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও। দুই দেশেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় জরুরি অবস্থা জারি করা হয়েছে।

ইউএসজিএসের তথ্যমতে, মিয়ানমারের স্থানীয় সময় গতকাল দুপুর ১২টা ৫০ মিনিটে আঘাত হানা ৭ দশমিক ৭ মাত্রার তীব্র ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দেশটির মধ্যাঞ্চলীয় শহর মান্দালয়। প্রায় ১১ মিনিট পর ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প-পরবর্তী কম্পন (আফটার শক) অনুভূত হয়। কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশ, ভারত, চীন ও ভিয়েতনামেও। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৫৯৭ কিলোমিটার।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, এই ভূমিকম্পে ১০ হাজার থেকে ১ লাখ মানুষের প্রাণহানি হতে পারে এবং অর্থনৈতিক ক্ষতির পরিমাণ মিয়ানমারের জিডিপির ৭০ শতাংশ পর্যন্ত যেতে পারে।