পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সুন্নি ও শিয়া মুসলিম গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত এবং বহু লোক আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। গতকাল শনিবার (২৩ নভেম্বর) রাতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের জেলা কুররামে ঘটে এ সহিংসতা। কয়েকদিন আগে একই এলাকায় একটি কনভয়ের ওপর প্রাণঘাতী হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছিল। খবর আল জাজিরা।

পাকিস্তানের একজন উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সর্বশেষ ঘটনার নিহতদের মধ্যে ১৪ জন সুন্নি এবং ১৮ জন শিয়া মুসলিম রয়েছেন। ওই কর্মকর্তা আরো জানান, এই সংঘর্ষে অন্তত ৪৭ জন আহত হয়েছেন।

একজন উচ্চপদস্থ পাকিস্তানি পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে অ্যাসোসিয়েটেড প্রেস সংবাদ সংস্থার কাছে শনিবারের সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাগান এবং বাচা কোট এলাকায় সশস্ত্র ব্যক্তিরা দোকান, বাড়ি এবং সরকারি সম্পত্তিতে আগুন ধরিয়ে দিয়েছিল।

কুররামের নিম্নাঞ্চলে আলিজাই এবং বাগান উপজাতির মধ্যে তীব্র গুলিবিনিময় চলছে বলে জানান ওই কর্মকর্তা। তিনি বলেন, ব্যাপক উত্তেজনার কারণে কুররামের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। উভয় পক্ষই ভারী এবং স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে একে অপরকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। এলাকায় কারফিউ জারি করা হয়েছে এবং মোবাইল পরিষেবা বন্ধ রয়েছে।

আফগানিস্তান সীমান্তবর্তী পাহাড়ি এলাকা খাইবার পাখতুনখোয়া প্রদেশে সুন্নি ও শিয়া মুসলমানদের মধ্যে ক্রমবর্ধমান সহিংসতায় সাম্প্রতিক মাসগুলোতে প্রায় ১৫০ জন নিহত হয়েছেন।