হারিণী অমরসুরিয়াকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন শ্রীলংকার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েক। সোমবার (১৮ নভেম্বর) তাকে নতুন করে নিয়োগ দেয়া হয়। তবে অর্থমন্ত্রীর গুরুত্বপূর্ণ পদ ধরে রেখেছেন প্রেসিডেন্ট দিশানায়েক। খবর রয়টার্স।
সংবাদমাধ্যমটি বলছে, আগামী বৃহস্পতিবার নতুন পার্লামেন্টের বৈঠকে বসবে। সেখানে স্পিকার নির্বাচন করা হবে। ওইদিন দিশানায়েক নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সামনে তার গুরুত্বপূর্ণ নীতি অগ্রাধিকারগুলোও উপস্থাপন করবেন। এছাড়া প্রেসিডেন্টকে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন বাজেট উপস্থাপন করতে হবে। একই সঙ্গে তাকে কর হ্রাস এবং কল্যাণ বাড়ানোর উপায় খুঁজে বের করতে হবে, যা তার প্রধান নির্বাচনি প্রতিশ্রুতি ছিল। তবে সেগুলো আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রোগ্রামকে ব্যাহত না করেই করতে হবে।
৫৪ বছর বয়সী প্রধানমন্ত্রী হারিণী অমরসুরিয়া দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক পছন্দের ভোট পেয়েছেন। তিনি সামাজিক নৃতত্ত্বে এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। প্রধানমন্ত্রীর পাশাপাশি তিনি শিক্ষা ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করবেন।এর আগে দিসানায়েকের বামপন্থী জোট গত সপ্তাহের সাধারণ নির্বাচনে ২২৫-সদস্যবিশিষ্ট পার্লামেন্টে রেকর্ড ১৫৯টি আসন জয় করেছে। তিনি প্রবীণ পার্লামেন্ট সদস্য বিজিথা হেরাথকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে পুনরায় নিয়োগ দিয়েছেন।










