চীনের ধনী ব্যক্তির তালিকায় শীর্ষে উঠে এসেছেন বিশ্বের তুমুল জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম, টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং। তিনি টিকটকের প্যারেন্ট কোম্পানি বাইটড্যান্সেরও সহ প্রতিষ্ঠাতা। খবর সিএনএন।

গত মঙ্গলবার প্রকাশিত 'হুরুন চায়না রিচ লিস্ট ২০২৪'-এ দেখা গেছে, ৪৯ দশমিক ৩ বিলিয়ন ডলার সম্পদের মালিক ৪১ বছর বয়সী ঝাং ইমিং। ২০১২ সালে তিনি বাইটড্যান্স প্রতিষ্ঠা করেন। পরে ২০২১ সালের নভেম্বরে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর পদ থেকে সরে যান তিনি। এখন বাইটডান্সের ২০ শতাংশ শেয়ারের মালিক ঝাং ইমিং, যা টিকটক এবং চীনের ডাউইনসহ বিভিন্ন অ্যাপ পরিচালনা করে।

হুরুন প্রধান রুপার্ট হুগওয়ারফ বলেন, ২৬ বছরে চীনের ১৮তম নতুন শীর্ষ ধনী হলেন ঝাং ইমিং। তুলনামূলকভাবে যুক্তরাষ্ট্রে বিল গেটস, ওয়ারেন বাফেট, জেফ বেজোস এবং ইলন মাস্কসহ মাত্র চারজন শীর্ষ ধনী রয়েছেন।

হুরুনের তথ্য অনুযায়ী, গত বছর বিশ্বব্যাপী বাইটড্যান্সের রাজস্ব ৩০ শতাংশ বৃদ্ধি পেয়ে ১১০ বিলিয়ন ডলারে পৌঁছানোর পর ঝাং-এর এই উত্থান ঘটে।

তবে যুক্তরাষ্ট্রে ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষা এবং শিশু সুরক্ষায় ব্যর্থতার অভিযোগে টিকটকের বিরুদ্ধে বিভিন্ন মামলা চলছে। একইসঙ্গে, টিকটক ও বাইটড্যান্স যুক্তরাষ্ট্রে এমন একটি আইনের বিরুদ্ধে লড়ছে যেখানে বলা হয়েছে যে, টিকটক তাদের মার্কিন কার্যক্রম আলাদা না করলে দেশব্যাপী অ্যাপটি নিষিদ্ধ হতে পারে।

এদিকে, চীনের মোট বিলিয়নিয়ারের সংখ্যা এবার কমে ৭৫৩ এ দাঁড়িয়েছে, যা গত বছরের চেয়ে ১৪২ জন কম। অর্থনীতির দুর্বল অবস্থা এবং স্টক মার্কেটের ধসকে এর জন্য দায়ী করা হচ্ছে।

হুরুনের তথ্যমতে, তালিকায় থাকা প্রায় ৭০ শতাংশ ধনীদের সম্পদ গত বছর হ্রাস পেয়েছে, যেখানে সম্পদ বেড়েছে মাত্র ৩০ শতাংশের।