মুম্বাই উপকূলে ভারতীয় নৌবাহিনীর একটি স্পিডবোট নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী ফেরির সঙ্গে ধাক্কা খাওয়ার পর কমপক্ষে ১৩ জন মারা গেছেন বলে নৌবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন। খবর বিবিসি।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফারনাবিস বলেছেন, নিহতদের মধ্যে তিনজন নৌবাহিনী কর্মীও রয়েছেন এবং ১০০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।

অনলাইনে পোস্ট করা ঘটনার ফুটেজে দেখা যায়, স্পিডবোটটি কয়েকবার ঘুরপাক খেয়ে ফেরির সঙ্গে ধাক্কা খায়, পরে ফেরিটি ডুবে যায়।

ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, ইঞ্জিনের ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

ব্যক্তিগত মালিকানাধীন ফেরিটি জনপ্রিয় পর্যটনস্থল এলিফ্যান্টা গুহার দিকে যাওয়ার সময় স্পিডবোটের সঙ্গে ধাক্কা খায়।

ভারতীয় নৌবাহিনী এক বিবৃতিতে এ মর্মান্তিক প্রাণহানির জন্য দুঃখ প্রকাশ করে বলেছে, নৌবাহিনীর একটি বোট ইঞ্জিন পরীক্ষার সময় নিয়ন্ত্রণ হারানোয় একটি যাত্রীবাহী ফেরির সঙ্গে সংঘর্ষ ঘটে।

ফেরিতে থাকা এক যাত্রী নাম প্রকাশ না করার শর্তে এবিপি নিউজ চ্যানেলকে বলেছেন, স্পিডবোটটি আমাদের ফেরির সঙ্গে ধাক্কা খায়। এরপর ফেরিতে পানি ঢুকতে শুরু করে, তারপর এটি উল্টে যায়। চালক আমাদের লাইফজ্যাকেট পরতে বলেছিলেন। আমি প্রায় ১৫ মিনিট সাঁতার কেটে অন্য একটি নৌকার মাধ্যমে উদ্ধার পাই।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বার্তায় বলেছেন, মুম্বাইয়ে নৌকাডুবির ঘটনাটি বেদনাদায়ক। শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাই। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক, এই কামনা করি।