বহুল প্রতীক্ষিত ও কিছুটা বিলম্বিত অ্যালেক্সার জেনারেটিভ এআই ভয়েস পরিষেবা চালু করতে যাচ্ছে অ্যামাজন। তথ্যটি নিশ্চিত করেছেন কোম্পানির অভ্যন্তরীণ তিন সূত্র। চলতি মাসের শেষের দিকে একটি প্রেস ইভেন্টে নতুন সার্ভিসটি প্রদর্শিত হবে। খবর রয়টার্স।

অ্যামাজনের দাবি, জেনারেটিভ এআই টেকনোলজি ব্যবহার করে নতুন অ্যালেক্সা ব্যবহারকারীদের আরো উন্নত ও স্বাভাবিক কথোপকথনের অভিজ্ঞতা দেবে। প্রশ্নের উত্তর দেয়া, কাজ সম্পাদন এবং বিভিন্ন পরিষেবা প্রদানে আরো স্মার্ট ও দক্ষ হবে এ ডিভাইস।

প্রযুক্তিবিদদের মতে, নতুন পরিষেবাটি চালু হলে এটি হবে অ্যালেক্সার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপগ্রেড। কারণ এক দশকেরও বেশি সময় ধরে ডিজিটাল অ্যাসিস্ট্যান্টের জগতে অ্যামাজন যে বড় পরিবর্তন এনেছে, তা আরো এক ধাপ এগিয়ে নেবে এটি। জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠানটি গত বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অনুষ্ঠানের জন্য সংবাদমাধ্যমকে আমন্ত্রণ জানিয়েছে। অ্যামাজনের এক মুখপাত্র জানিয়েছেন, ইভেন্টটির মূল বিষয়বস্তু থাকবে ‘অ্যালেক্সা’। তবে এর বিস্তারিত বিবরণ দেননি তিনি।

বাজার বিশ্লেষকরা বলছেন, নতুন জেনারেটিভ এআই-চালিত অ্যালেক্সা অ্যামাজনের বড় এক সুযোগ তৈরি করবে, কারণ বাজারে এ পরিষেবার সংযুক্ত ডিভাইসের সংখ্যা ৫০ কোটিরও বেশি। যেহেতু প্রতিযোগিতাও অনেক বেশি, তাই এটি একটি বড় ঝুঁকিও বয়ে আনতে পারে।

অ্যামাজনের প্রত্যাশা, নতুন সংস্করণ ব্যবহারকারীদের সঙ্গে কথোপকথন চালানোর মতো দক্ষ হবে। সেই সঙ্গে এর মাধ্যমে কোটি কোটি ব্যবহারকারীর কিছু অংশকে অর্থকরী গ্রাহকে পরিণত করা যাবে। অ্যামাজনের অ্যালেক্সা বিভাগটি আর্থিকভাবে লাভজনক অবস্থায় নেই, অর্থাৎ এর পেছনে কোম্পানির যে খরচ হয়, তা আয়ের তুলনায় বেশি। তাই অ্যামাজন নতুন সংস্করণের মাধ্যমে পরিষেবা থেকে মুনাফা বাড়ানোর চেষ্টা করছে।

অ্যামাজনের কর্মকর্তারা জানান, এটি একের পর এক প্রশ্নের উত্তর দিতে পারবে। বর্তমানে অ্যালেক্সা সাধারণত একবারে শুধু একটি অনুরোধ পূরণ করতে পারে, কিন্তু নতুন সংস্করণ আরো উন্নত হবে। ব্যবহারকারীদের সরাসরি অংশগ্রহণ ছাড়াই কিছু কাজ সম্পন্ন করতে পারবে।

প্রাথমিকভাবে সীমিতসংখ্যক ব্যবহারকারীর জন্য নতুন অ্যালেক্সা পরিষেবা চালু করা হবে। সেই সঙ্গে বিনামূল্যে ব্যবহারের সুযোগ থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে কোম্পানি মাসে ৫-১০ ডলার ফি নেয়ার কথাও বিবেচনা করছে।