মেটা প্লাটফর্মের সঙ্গে ছয় বছরের একটি ক্লাউড কম্পিউটিং চুক্তি করেছে গুগল। ১ হাজার কোটি ডলার মূল্যের চক্তিটি গুগলের সাম্প্রতিক দ্বিতীয় বড় চুক্তি। আগেরটি হয়েছে চ্যাটজিপির প্রতিষ্ঠাতা ওপেনএআইয়ের সঙ্গে। খবর র‍য়টার্স।

নাম না প্রকাশের শর্তে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন চুক্তির অধীনে গুগল ক্লাউডের সার্ভার, স্টোরেজ, নেটওয়ার্কিং এবং অন্যান্য সেবা ব্যবহার করবে মেটা।

চুক্তির খবরটি প্রথম প্রকাশ করেছে দ্য ইনফরমেশনের প্রতিবেদনে। যদিও গুগল ও মেটা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

মেটার সিইও মার্ক জাকারবার্গ গত মাসে বলেছিলেন, কয়েকটি বিশাল এআই ডাটা সেন্টার তৈরি করতে শতাধিক বিলিয়ন ডলার ব্যয় করার পরিকল্পনা করছে কোম্পানিটি। এর মধ্যেই গুগলের সঙ্গে হাজার কোটি ডলার মূল্যের এ চুক্তির খবর সামনে এল।

রয়টার্সের জুনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, ওপেনএআই নিজেদের বাড়তে থাকা কম্পিউটিং চাহিদা পূরণের জন্য অ্যালফাবেটের গুগল ক্লাউড সেবা ব্যবহার করার পরিকল্পনা করছে। বিষয়টি অনেকের কাছে অপ্রত্যাশিত ছিল। কারণ এআই খাতে ওপেনএআই এবং গুগলকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হয়। দুই প্রধান প্রতিযোগীর মধ্যে এমন সহযোগী মনোভাব আগে দেখা যায়নি।

সিএনবিসির প্রতিবেদন অনুযায়ী, গুগলের সঙ্গে মেটার এ চুক্তি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামোকে কেন্দ্র করে। এআই অবকাঠামো এবং দক্ষতার ওপর ব্যাপকভাবে বিনিয়োগ করছে মেটা। কোম্পানির লামা মডেলের একাধিক সংস্করণ তৈরি করছে এবং প্রতিটি পরিষেবায় এআই যুক্ত করছে। পাশাপাশি মানুষের বুদ্ধিমত্তা বা সক্ষমতাকে ছাড়িয়ে যায় এমন সুপার হিউম্যান (অতিমানবীয়) এআই প্রযুক্তি বানানোরও ঘোষণা দিয়েছেন মার্ক জাকারবার্গ। এজন্য একটি সুপার ইন্টেলিজেন্স ল্যাব গঠন করছেন তিনি। এ ল্যাবে যোগ দেয়া সাবেক ওপেনএআই কর্মীদের মধ্যে রয়েছেন শুচাও বি, হুইওয়েন চ্যাং, জি লিন, হংইউ রেন, জিয়াহুই ইউ ও শেংজিয়া ঝাও। নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন গুগল ও অ্যানথ্রপিকের সাবেক গবেষকরাও।

এআই সুপারইন্টেলিজেন্সে বিশ্বের নেতৃস্থানীয় কোম্পানি এখন মেটার অন্যতম লক্ষ্য। তাই গুগল ক্লাউডের সঙ্গে এ চুক্তি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা, যা দীর্ঘমেয়াদি প্রযুক্তিগত ও কৌশলগত পরিকল্পনার অংশ।

উল্লেখ্য, প্রতিষ্ঠানটির প্রধান মার্ক জাকারবার্গ গত জুনে জানিয়েছিলেন, মেটা এআইয়ের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটি ছাড়িয়েছে। গত বছর সেপ্টেম্বরে প্লাটফর্মটির ব্যবহারকারী ছিল ৫০ কোটির মতো, যা এখন দ্বিগুণ হয়েছে।

এদিকে গুগলের সাম্প্রতিক আয়ের প্রতিবেদনে দেখা গেছে, ব্যবসা ও এআই খাতে শক্তিশালী চাহিদার কারণে প্রতিষ্ঠানটির ক্লাউড ব্যবসা চলতি বছর প্রায় ৫ হাজার কোটি ডলার আয়ের পথে রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, মেটার সঙ্গে নতুন চুক্তিটি গুগলের এ প্রবৃদ্ধিকে শুধু জোরদারই করবে না, বরং গুগলকে এআই প্রতিযোগিতায় সুবিধা নিতে সাহায্য করবে।