বিশ্ব অর্থনীতির মন্থর পরিস্থিতি ও যুদ্ধ পরিস্থিতির কারণে মূল্যস্ফীতি এখন ঊর্ধ্বমুখী। এর মধ্যে টেলিযোগাযোগ ও ইলেকট্রনিকস খাতে গ্রাহক ব্যয় কমেছে। ফলে অনেক বড় কোম্পানি লোকসানের মুখে রয়েছে। তবে এর মধ্যেও প্রত্যাশার তুলনায় আয় বৃদ্ধির কথা জানিয়েছে তাইওয়ানভিত্তিক সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান ইউনাইটেড মাইক্রোইলেক্ট্রনিকস করপোরেশন (ইউএমসি) এবং ভ্যানগার্ড ইন্টারন্যাশনাল সেমিকন্ডাক্টর কর্প। ইনভেন্টরি ব্যবস্থাপনার মাধ্যমে সাপ্লাই চেইনে মজুদ পণ্যের পরিমাণ হ্রাসের ফলে প্রকৃত চাহিদার সঙ্গে সমন্বয় প্রতিষ্ঠানগুলোর রাজস্ব বৃদ্ধিকে ত্বরান্বিত করেছে বলে জানা গেছে। খবর তাইপে টাইমস।
চুক্তিভিত্তিক সেমিকন্ডাক্টর তৈরি করে ইউএমসি। বিশ্বব্যাপী তাদের অবস্থান তিনে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, আগের প্রান্তিকের তুলনায় রাজস্ব ৩ দশমিক ৮৬ শতাংশ বেড়ে ৫ হাজার ৬৩০ কোটি তাইওয়ান ডলার বা ১৮০ কোটি ডলারে পৌঁছেছে। যা মে মাসের পূর্বাভাসের তুলনায় বেশি। যদিও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ধারণা করা হয়েছিল, নিম্নমুখী গ্রাহক চাহিদার জের ধরে তাদের ইনভেন্টরি পণ্যের চালান বৃদ্ধি বাধাগ্রস্ত হবে।
চলমান পরিস্থিতিতে গত মাসে প্রতিষ্ঠানটির রাজস্ব বেড়ে প্রায় ১ হাজার ৯০৬ কোটি তাইওয়ান ডলারে উত্তীর্ণ হয়েছে, যা টানা চার মাসের বৃদ্ধিকে চিহ্নিত করে। যদিও এটি গত বছরের জুনের তুলনায় কম। ২০২২ সালের জুনে প্রতিষ্ঠানটির রাজস্ব আয়ের পরিমাণ ছিল ২ হাজার ৪৮৩ কোটি তাইওয়ান ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় বর্তমানে রাজস্ব বৃদ্ধির হার বার্ষিক ২৩ দশমিক ২৪ শতাংশ কম।
যদিও মে মাসে ইউএমসির পক্ষ থেকে বিনিয়োগকারীদের জানানো হয়, চলতি বছরের প্রথম প্রান্তিকটি হবে সবচেয়ে বেশি খারাপ সময়। এছাড়া দ্বিতীয় প্রান্তিকে চাহিদাও সমান্তরাল থাকবে। তাছাড়া বছরের দ্বিতীয়ার্ধে, ইলেকট্রনিক শিল্পের চাহিদা বৃদ্ধির শীর্ষ মৌসুমে আয় বৃদ্ধির পরিসংখ্যানকে সমর্থনের জন্য সুস্পষ্ট প্রমাণেরও অভাব রয়েছে।
ডিসপ্লে ড্রাইভার আইসিসহ পাওয়ার ম্যানেজমেন্ট চিপ তৈরি করে ভ্যানগার্ড। গতকাল প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ২০ দশমিক ৫ শতাংশ ত্রৈমাসিক রাজস্ব বৃদ্ধির কথা জানানো হয়েছে। এ প্রান্তিকে প্রতিষ্ঠানটির রাজস্ব বেড়েছে ৯ হাজার ৮৬ কোটি তাইওয়ান ডলার। যদিও পূর্বাভাসে ৯০৪ কোটি থেকে ৯৮০ কোটি তাইওয়ান ডলার উল্লেখ করা হয়েছিল। স্বাভাবিকভাবেই রাজস্ব বৃদ্ধির পরিমাণ পূর্বাভাসের তুলনায় বেশি। তাছাড়া প্রথম প্রান্তিকের ৮১৯ কোটি ডলার থেকে ২০ শতাংশ বেশি।
টিভি ডিসপ্লেতে ব্যবহৃত ড্রাইভার আইসি এবং পাওয়ার ম্যানেজমেন্ট চিপের বর্ধিত চাহিদার কারণে ভ্যানগার্ড ১৭ শতাংশের গড় বৃদ্ধির হার অনুমান করেছিল। এরই সঙ্গে প্রতিষ্ঠানটি আশা করেছিল যে গ্রাহক চাহিদার বেশির ভাগ ইনভেন্টরি দ্বিতীয় প্রান্তিকের মধ্যে শেষ হবে। মে মাসে ভ্যানগার্ডের পক্ষ থেকে বলা হয়, তৃতীয় প্রান্তিক থেকে নোটবুক কম্পিউটারের চাহিদা বৃদ্ধির লক্ষণ সংশ্লিষ্ট উপকরণের চাহিদা বৃদ্ধিকে ত্বরান্বিত করতে পারে।
গতকাল কম্পিউটার বিক্রেতা প্রতিষ্ঠান এসার জানায়, আগের মাসের তুলনায় গত মাসে তাদের রাজস্ব ৪৫ দশমিক ৫ শতাংশ বেড়ে ২ হাজার ৬৩২ কোটি তাইওয়ান ডলারে পৌঁছে। ফলে প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকের রাজস্ব ১১ শতাংশ বেড়ে হয়েছে ৫ হাজার ৩২৩ কোটি তাইওয়ান ডলার।
এসার এক বিবৃতিতে জানায়, মে মাসের দ্বিতীয়ার্ধটি ব্যবসার জন্য কম লাভজনক হবে বলে তারা আশা করেছিল। তবে গত মাসে কোম্পানির গেমিং কম্পিউটার পণ্যগুলো বিক্রি বেড়েছে। এক মাস আগের তুলনায় যা ৯৩ দশমিক ৪ শতাংশ বেশি। এছাড়া নোটবুক কম্পিউটারের বিক্রি বেড়েছে ৫৯ শতাংশ।










