সিলিকন-কার্বন (এসআই-সি) ব্যাটরি প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছে দুই টেক জায়ান্ট স্যামসাং ও অ্যাপল। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, যেহেতু চীনা নির্মাতারা এরই মধ্যে স্মার্টফোনে এ উন্নত প্রযুক্তি ব্যবহার শুরু করেছে, তাই বৈশ্বিক প্রযুক্তি জায়ান্টদের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। ফলে চীনের বাইরেও বড় কোম্পানিগুলো ডিভাইসে সিলিকন ব্যাটারি প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করছে। খবর গিজমোচায়না।

সিলিকন-কার্বন প্রযুক্তি ব্যাটারির আকার না বাড়িয়েও উচ্চ ক্ষমতা নিশ্চিত করে। ফলে এটি বড় ব্যাটারির মতোই বেশি সময় চার্জ ধরে রাখতে সক্ষম। সামনের বছরগুলোয় নতুন বেশকিছু ফোন এ উন্নত ব্যাটারি নিয়ে আসবে বলে আশা করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, স্যামসাং সরাসরি এসআই-সি ব্যাটারির উৎপাদন ও বিকাশে কাজ করছে। তবে এ প্রযুক্তি কখন বাণিজ্যিকভাবে ডিভাইসে ব্যবহার হবে তা জানা যায়নি। অন্যদিকে যেহেতু অ্যাপল নতুন প্রযুক্তি সবসময় ধীরগতিতে গ্রহণ করে, তাই এ বিষয়ে কোম্পানিটি আরো সতর্কতার সঙ্গে এগোবে।

চীনা কোম্পানিগুলো সাম্প্রতিক উন্মোচন করা বেশকিছু ডিভাইসে এরই মধ্যে ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের (এমএএইচ) বেশি ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার করছে। অন্যদিকে স্যামস্যাং ও অ্যাপল তাদের পুরনো ফ্ল্যাগশিপ মডেলের ফোনগুলোয় ৫ হাজার এমএএইচ ব্যাটারিতে সীমাবদ্ধ রয়েছে।

যদিও উন্নত সফটওয়্যার ও প্রযুক্তি আজকের লিথিয়াম-আয়ন ব্যাটারির কার্যকক্ষমতা অনেকটা বাড়িয়েছে, তবু এগুলোয় কিছু সীমাবদ্ধতাও আছে।

প্রযুক্তিবিদরা বলছেন, আইফোন১৬ প্রো ম্যাক্স ও গ্যালাক্সি এস২৪ আল্ট্রার মতো ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোয় ব্যাটারির জন্য খুব অল্প জায়গা বরাদ্দ থাকে। এ সমস্যার একটি ভালো সমাধান হতে পারে সিলিকন-কার্বন ব্যাটারি।