অ্যাপল সিরিজের নতুন আইফোন এসই ৪ মডেলটি এপ্রিলের মধ্যে লঞ্চ হতে পারে। অ্যাপল বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গুরম্যান সম্প্রতি এ তথ্য জানিয়েছেন। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি।
গুরম্যান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানান, অ্যাপল আইওএস ১৮.৩সহ আইফোন এসই ৪ ও নতুন আইপ্যাড মডেলগুলো তৈরি করছে। সব ঠিকঠাক থাকলে এপ্রিলের মধ্যে নতুন মডেলগুলো বাজারে আসবে।
যদিও আগে গুঞ্জন ছিল, জানুয়ারিতে নতুন মডেলগুলোর উন্মোচন হবে। তবে গুরম্যান সে তথ্য অস্বীকার করেছেন। তার মতে, অ্যাপল সাধারণত মার্চ বা এপ্রিলে তাদের এসই সিরিজের ডিভাইস লঞ্চ করে। ২০২২ সালের মার্চে কোম্পানি আইফোন এসই (২০২২) উন্মোচন করেছিল। এসই মডেলটি আইফোনের বাজারে সাশ্রয়ী ডিভাইস হিসেবে পরিচিত। পুরনো আইফোন ডিজাইন ও নতুন প্রযুক্তির সংমিশ্রণ আনা হয় এ মডেলে।
এবারের আইফোন এসই ৪-এ থাকবে আইফোন ১৪-এর মতো ডিজাইন। এতে ৬.১ ইঞ্চি এলটিপিএস ওলেড ডিসপ্লে, অ্যাপলের নিজস্ব ৫জি মডেম, ফেস আইডি, এ১৮ চিপ, ৮ জিবি র্যাম ও অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার থাকবে।
এতে ৩২৭৯ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার (এমএএইচ) ব্যাটারি, একটি ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ১২ মেগাপিক্সেল সেলফি শুটার থাকবে বলে ধারণা করা হচ্ছে। এ হ্যান্ডসেটের দাম ৫০০ ডলারের (বাংলাদেশী মুদ্রায় প্রায় ৬০ হাজার টাকা) কম হতে পারে। দক্ষিণ কোরিয়ায় এর মূল্য হতে পারে প্রায় ৮ লাখ কোরিয়ান ওন।
গত বছর সেপ্টেম্বরে সর্বশেষ আইফোন লাইনআপ, আইফোন ১৬ উন্মোচন করে অ্যাপল। নতুন মডেলগুলোয় আলোচনার কেন্দ্রে ছিল অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি অ্যাপল ইন্টেলিজেন্স ও বাহ্যিক ডিজাইনে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন।
এদিকে ২০২৪ সালের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) বিশ্বব্যাপী ১৫ কোটির বেশি আইফোন বিক্রি করেছে অ্যাপল। চতুর্থ প্রান্তিক নিয়ে বছরের মোট বিক্রির পরিমাণ পূর্ববর্তী সব রেকর্ডকে ছাড়িয়ে যাবে বলে সম্প্রতি পূর্বাভাস দিয়েছে ডাটা বিশ্লেষণ প্লাটফর্ম ডিমান্ডসেইজ। গত বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) অ্যাপলের আয় ওয়াল স্ট্রিটের পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে।
আইফোন এখন শুধু যোগাযোগমাধ্যম নয়, ডিভাইসটি উৎপাদনশীলতা ও বিনোদনের গুরুত্বপূর্ণ টুল হয়ে উঠেছে। মোবাইল অপারেটিং সিস্টেমের বাজারেও আইওএসের ব্যবহার গত কয়েক বছরে দ্রুত বেড়েছে। ২০২৩ সালের হালনাগাদ তথ্যানুযায়ী, বিশ্বে ১৩৭ কোটি মানুষ আইফোন ব্যবহার করছে।










