ভারত দীর্ঘদিন ধরে বৈশ্বিক ব্যাক-অফিস কাজের কেন্দ্র হিসেবে পরিচিত। কারণ এখানে কর্মীদের বেতন তুলনামূলকভাবে কম এবং তারা ইংরেজিতে দক্ষ। তবে এখন এখানকার কর্মীদের জায়গা দখল করছে এআই চ্যাটবট। টেকনিক্যাল সাপোর্ট, কাস্টমার কেয়ার এবং ডাটা ম্যানেজমেন্টের কাজে হেডসেট পরে থাকা স্নাতকদের পরিবর্তে এআই চ্যাটবটকেই তুলনামূলক সাশ্রয়ী মনে করছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। খবর রয়টার্স।

বিশ্লেষকরা বলছেন, এমন পরিস্থিতিতে কর্মীদের দ্রুত নতুন দক্ষতা অর্জন করে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। কোম্পানির কাজের পরিধি বা কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে নিজেদের উৎপাদন ক্ষমতা বাড়াতে হবে।

ভারতের এআই স্টার্টআপগুলো কর্মী কমিয়ে খরচ বাঁচাতে এবং কাজের পরিধি, কার্যক্রম বা উৎপাদনক্ষমতা বৃদ্ধি করতে নতুন প্রযুক্তি তৈরি করছে। তবে অনেক গ্রাহক এখনো মানুষের সঙ্গে সরাসরি কথা বলতে পছন্দ করে।

ভারতের ২৮ হাজার ৩০০ কোটি ডলারের আইটি খাতে এআইয়ের প্রভাবে এখন বড় ধরনের পরিবর্তন ঘটছে। লাইমচ্যাট নামে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট তৈরি করছে ভারতের একটি স্টার্টআপ কোম্পানি। চ্যাটবটটি মানুষের মতো কথা বলতে ও মেসেজ করতে সক্ষম বলে দাবি প্রতিষ্ঠানটির। কোম্পানি বলছে, জেনারেটিভ এআই সিস্টেমটি প্রতি মাসে ১০ হাজার গ্রাহকের প্রশ্ন পরিচালনা করতে দক্ষ, যা মানব কর্মীর প্রয়োজন ৮০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, বিশ্বব্যাপী কনভারসেশনাল এআই বাজার প্রতি বছর ২৪ শতাংশ বৃদ্ধি পাচ্ছে এবং ২০৩০ সালের মধ্যে এর আকার ৪ হাজার ১০০ কোটি ডলারে পৌঁছবে বলে পূর্বাভাস দিয়েছে পরামর্শ সংস্থা গ্র্যান্ড ভিউ রিসার্চ।

ভারতে তথ্যপ্রযুক্তি (আইটি) খাত দেশটির মোট জিডিপিতে ৭ দশমিক ৫ শতাংশ অবদান রাখে। দেশটি এ খাতের দ্রুতবর্ধমান সম্ভাবনা ও প্রবৃদ্ধিকে সক্রিয়ভাবে গ্রহণ করছে, আইটি ও এআই-ভিত্তিক প্রযুক্তি ব্যবহার বাড়াচ্ছে এবং এর সুযোগগুলো কাজে লাগাচ্ছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর আগে বলেছিলেন, ‘প্রযুক্তির কারণে কাজ হারায় না; এর প্রকৃতি পরিবর্তিত হয় এবং নতুন ধরনের সুযোগ তৈরি হয়।’

তবে সবাই এ প্রসঙ্গে একমত নন। ভারতীয় সাবেক কর্মকর্তা ও ইউনিভার্সিটি অব ব্যাথের সেন্টার ফর ডেভেলপমেন্ট স্টাডিজের ভিজিটিং প্রফেসর সান্তোষ মেহরোত্রা বলেন, ‘সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কোনো নির্দিষ্ট কৌশল, রোডম্যাপ বা প্রস্তুতি নেই। তিনি ভারতের তরুণ কর্মীদের ওপর এআইয়ের প্রভাব মূল্যায়নে সরকারের তাড়াহুড়োর অভাবকে সমালোচনা করেছেন।