কপিরাইট আইন ভাঙার অভিযোগে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের বিরুদ্ধে মামলা করেছেন একদল লেখক। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সিস্টেম প্রশিক্ষণে অ্যাপল তাদের লেখা বই অনুমতি ছাড়া ব্যবহার করেছে বলে দাবি করা হয়েছে। খবর রয়টার্স।
যুক্তরাষ্ট্রের নর্দার্ন ক্যালিফোর্নিয়ার ফেডারেল কোর্টে দায়ের করা ওই মামলার তথ্যানুযায়ী, অ্যাপল লেখকদের অনুমতি না নিয়ে কপিরাইটযুক্ত লেখা ব্যবহার করেছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি লেখকদের নাম উল্লেখ করেনি ও কোনো পারিশ্রমিকও দেয়নি।
লেখকদের অভিযোগ, অ্যাপল পাইরেটেড বা চুরি করা বইয়ের সংগ্রহ ব্যবহার করে নিজেদের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ‘ওপেনইএলএম’ প্রশিক্ষণ দিয়েছে। নিউ ইয়র্কের লেখক হেনড্রিক্স ও অ্যারিজোনার রবারসনের লেখা বইও ওই পাইরেটেড বইয়ের তালিকায় ছিল।
লেখক গ্রেডি হেনড্রিক্স ও জেনিফার রবারসনের দায়ের করা মামলায় বলা হয়েছে, এআই প্রকল্প থেকে অনেক অর্থ আয়ের সম্ভাবনা থাকলেও লেখকদের কাজের জন্য কোনো পারিশ্রমিক দিতে চায়নি বা চেষ্টা করেনি অ্যাপল।
উল্লেখ্য, অ্যাপল কিংবা লেখকদের আইনজীবী কেউই এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি বড় প্রযুক্তি কোম্পানিগুলোর বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ তুলছে লেখক, সংবাদমাধ্যমসহ অনেকে। যেমন অ্যানথ্রপিকের ক্লড চ্যাটবট প্রশিক্ষণে অনুমতি ছাড়া বই ব্যবহারের জন্য মামলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল ক্যালিফোর্নিয়ার আদালতে অ্যানথ্রপিক জানিয়েছে, লেখকদের সঙ্গে মামলা মীমাংসায় ১.৫ বিলিয়ন ডলার দেয়া হবে।
এছাড়া গত জুনে মাইক্রোসফটের বিরুদ্ধেও মামলা করেছিলেন একদল লেখক। তাদের অভিযোগ ছিল, প্রতিষ্ঠানটি অনুমতি ছাড়া বই ব্যবহার করে ‘মেগাট্রন’ নামের এআই মডেল প্রশিক্ষণ দিয়েছে। মাইক্রোসফট সমর্থিত ওপেনএআই ও মেটার বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ উঠেছে।










