টিম কুকের দায়িত্ব ছাড়ার সম্ভাবনা সামনে রেখে নতুন প্রধান নির্বাহী নির্বাচনের প্রস্তুতি ও প্রক্রিয়া আরো জোরালো করেছে অ্যাপল। আগামী বছরই কুক বিদায় নিতে পারেন, এমন ধারণার ভিত্তিতে পরিচালনা পর্ষদ ও শীর্ষ নির্বাহীরা নেতৃত্ব নির্ধারণে আরো সক্রিয় হয়েছেন। খবর রয়টার্স।
কোম্পানির সঙ্গে যুক্ত কয়েকজন জানিয়েছেন, টিম কুকের স্থলাভিষিক্ত বেছে নেয়ার আলোচনা এখন দ্রুত এগোচ্ছে। ১৪ বছরের বেশি সময় প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালনের পর কুক আগামী বছর পদ ছাড়তে পারেন।
কোম্পানির আলোচনায় সবচেয়ে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে উঠে এসেছে জন টার্নাসের নাম। তিনি অ্যাপলের হার্ডওয়্যার প্রকৌশল বিভাগের সিনিয়র সহসভাপতি। যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে তিনি অভ্যন্তরীণভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সিইও পরিবর্তন অ্যাপলের বর্তমান ব্যবসায়িক অবস্থার সঙ্গে সম্পর্কিত নয়। বরং বছরের শেষ দিকে আইফোনের বিক্রি আরো বাড়বে বলে তাদের ধারণা। যদিও অ্যাপল এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
তবে বিশ্লেষকদের ধারণা, আগামী বছর জানুয়ারির শেষ দিকে কোম্পানির পরবর্তী আয়ের প্রতিবেদন প্রকাশের আগে নতুন প্রধান নির্বাহীর নাম ঘোষণা করা হবে না। তবে কোম্পানিসংশ্লিষ্ট সূত্র বলছে, বছরের শুরুতে ঘোষণা এলে জুনের ডেভেলপার সম্মেলন ও সেপ্টেম্বরের আইফোন উন্মোচন অনুষ্ঠানের আগেই পরবর্তী সিইও নেতৃত্বের জায়গায় নিজেকে প্রস্তুত করার সুযোগ পাবেন।
স্টিভ জবসের মৃত্যুর পর ২০১১ সালে অ্যাপলের দায়িত্ব নেন ৬৫ বছর বয়সী টিম কুক। তার নেতৃত্বে অ্যাপলের বাজারমূল্য ৩৫ হাজার কোটি ডলার থেকে বেড়ে ৪ লাখ কোটি ডলারে পৌঁছেছে।
চলতি বছর নির্বাহী পর্যায়ে আরো কিছু বড় পরিবর্তন এসেছে। দীর্ঘ দিনের প্রধান অর্থ কর্মকর্তা লুকা মায়েস্ট্রি বছরের শুরুতেই দায়িত্ব ছাড়েন। এরপর জুলাইয়ে প্রধান পরিচালন কর্মকর্তা জেফ উইলিয়ামস অবসরের ঘোষণা দেন।
হার্ডওয়্যার বিষয়ে অভিজ্ঞ জন টারনাস দায়িত্ব পেলে অ্যাপল আবারো হার্ডওয়্যার-কেন্দ্রিক নেতৃত্বে ফিরবে বলে মনে করছেন অনেকে। এমন সময় এ পরিবর্তন আসছে, যখন নতুন পণ্য বিভাগে প্রবেশ ও কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) প্রতিযোগিতায় থাকা কোম্পানির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
টিম কুক সবসময়ই অভ্যন্তরীণ কাউকে নেতৃত্বে চান বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘অ্যাপলের নেতৃত্ব বাছাইয়ের পরিকল্পনা খুব বিস্তারিতভাবে তৈরি করা আছে।’
২০২৩ সালে এক সাক্ষাৎকারে কুক জানিয়েছিলেন, তিনি অ্যাপলকে ভালোবাসেন এবং এ প্রতিষ্ঠান ছাড়া নিজেকে কল্পনা করতে পারেন না। তাই তিনি আরো কিছুদিন দায়িত্ব পালন করবেন।










