সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক কেনার চূড়ান্ত আগ্রহ প্রকাশ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ পারপ্লেক্সিটি। চায়না মালিকানাধীন প্লাটর্ফমটির যুক্তরাষ্ট্রে মালিকানা হস্তান্তরের সময়সীমা শেষ হতে চলেছে। শিগগিরই দেশটিতে নিষিদ্ধ হতে পারে টিকটক। এমন পরিস্থিতিতে চলতি সপ্তাহে চূড়ান্ত আগ্রহের কথা জানিয়েছে পারপ্লেক্সিটি। খবর স্ট্রেইটস টাইমস।

পারপ্লেক্সিটির পক্ষ থেকে জানানো হয়েছে, টিকটক, পারপ্লেক্সিটি এআই ও অন্য বিনিয়োগকারীদের নিয়ে এ অধিগ্রহণ সম্পন্ন করার জন্য আলোচনা চলছে।

চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চীনা মালিকানাধীন জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। তবে এটি অধিগ্রহণের বিষয়ে যুক্তরাষ্ট্রে চারটি ভিন্ন কোম্পানির সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি। সে সময় কোম্পানিগুলোর নাম প্রকাশ করেননি ট্রাম্প।

জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে আইন প্রণয়ন করে জানানো হয়, টিকটককে অবশ্যই এর চীনা মালিকানাধীন কোম্পানি বাইটডান্স থেকে বিচ্ছিন্ন হতে হবে, অন্যথায় অ্যাপটি নিষিদ্ধ হবে। চীনা সরকার ভিডিও শেয়ারিং প্লাটফর্মটি ব্যবহার করে আমেরিকানদের ওপর গুপ্তচরবৃত্তি করতে পারে অথবা গোপনে মার্কিন জনমতকে প্রভাবিত করতে পারে এ উদ্বেগের কারণে গত ১৯ জানুয়ারি টিকটক নিষিদ্ধ করার আইন কার্যকর হয়।

মার্কিন বাজারে নিষিদ্ধ হওয়ার ঝুঁকি এড়াতে টিকটকের অধিগ্রহণ নিয়ে আলোচনা চলছে। সম্ভাব্য ক্রেতাদের মধ্যে রয়েছে মাইক্রোসফট ও ওরাকল।