নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ তৈরি করছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। আগামী বছর থেকে এসব উন্নত চিপের উৎপাদন শুরু হবে বলে জানা গেছে। খবর রয়টার্স।

রয়টার্স ও ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ওপেনএআই ২০২৬ সাল থেকে নিজেদের তৈরি এআই চিপের ব্যবহার শুরু করবে। এ পদক্ষেপের মাধ্যমে কোম্পানিটি নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেম চালানোর জন্য প্রয়োজনীয় কম্পিউটিং শক্তি সরবরাহ করতে পারবে। পাশাপাশি এনভিডিয়ার চিপের ওপর নির্ভরশীলতাও কমবে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠানটি এআই চিপ ডিজাইন করতে যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর নির্মাতা ব্রডকমের সঙ্গে কাজ করেছে।

ব্রডকমের সিইও সম্প্রতি জানিয়েছেন, কোম্পানিটি ‘নতুন এক ক্লায়েন্ট’ থেকে ১ হাজার কোটি ডলারের চিপের ক্রয়াদেশ পেয়েছে। যদিও কোনো গ্রাহকের নাম উল্লেখ করা হয়নি, তবে ব্রডকমের কিছু সূত্র নিশ্চিত করেছে, এটি ওপেনএআই।

সূত্র আরো জানায়, ওপেনএআই নিজেদের চিপগুলো কেবল নিজস্ব ব্যবহারের জন্যই তৈরি করছে। এগুলো বিক্রির কোনো পরিকল্পনা নেই।

রয়টার্স জানিয়েছে, ২০২৩ সালেই ওপেনএআই নিজের এআই চিপ তৈরির পরীক্ষা শুরু করে। ওই সময় কোম্পানির সিইও স্যাম অল্টম্যান জানিয়েছিলেন, জিপিইউ ঘাটতির কারণে ওপেনএআইয়ের এপিআই বা অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসের গতি ও নির্ভরযোগ্যতা প্রভাবিত হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, ওপেনএআই চিপ তৈরির জন্য তখন থেকেই ব্রডকম ও টিএসএমসির সঙ্গে কাজ শুরু করে। নিজস্ব চিপ তৈরির মাধ্যমে ওপেনএআই জিপিইউ ঘাটতি এড়াতে পারবে এবং খরচও কমাতে সক্ষম হবে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।