বিশ্বজুড়ে বহুল প্রতীক্ষিত আইফোন ১৭ সিরিজের উদ্বোধনের আগে ভারতে নতুন এক মাইলফলক ছুঁয়েছে অ্যাপল। মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি গত অর্থবছরে শুধু ভারতেই ৯০০ কোটি ডলারের বেশি বিক্রির রেকর্ড করেছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।
প্রতিবেদন অনুযায়ী, আয়ের বড় অংশ এসেছে কোম্পানির ফ্ল্যাগশিপ আইফোন থেকে, যা বর্তমানে ভারতের স্মার্টফোন বাজারের ৭ শতাংশ দখল করে আছে। গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে ম্যাকবুকের বাড়তি চাহিদাও অ্যাপলের আয় বাড়াতে সহায়তা করেছে।
২০২৪ সালের মার্চ থেকে গত এক বছরে ভারতে অ্যাপলের আয় বেড়েছে ১৩ শতাংশ। ২০২৩ সালের একই সময় প্রতিষ্ঠানটির আয় ছিল ৮০০ কোটি ডলার। বিশ্লেষকদের মতে, যখন চীনসহ অন্যান্য অঞ্চলে বিক্রি স্থবির হয়ে পড়েছে, তখন এ প্রবৃদ্ধি প্রমাণ করে যে ভারতের বাজার অ্যাপলের জন্য ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
গত তিন বছরে ভারতে অ্যাপলের বিক্রি দেড় গুণ বেড়েছে। শুধু তা-ই নয়, দেশটি এখন অ্যাপলের অন্যতম উৎপাদন কেন্দ্র। বর্তমানে প্রতি পাঁচটির মধ্যে একটি আইফোন ভারতে তৈরি হচ্ছে। কোম্পানিটি এরই মধ্যে তামিলনাড়ু ও কর্ণাটকে নতুন কারখানাসহ পাঁচটি কারখানায় উৎপাদন করছে। আসন্ন আইফোন ১৭ সিরিজের সব মডেলই ভারতে তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে।
ভারতে খুচরা বাজারেও জোর দিচ্ছে অ্যাপল। গত সপ্তাহে বেঙ্গালুরু ও পুনেতে দুটি নতুন স্টোর উদ্বোধন করেছে প্রতিষ্ঠানটি। এর আগে মুম্বাই ও নয়াদিল্লিতে দুটি স্টোর চালু হয়েছিল। আগামী বছর নয়ডায় একটি নতুন আউটলেট ও মুম্বাইয়ে দ্বিতীয় স্টোর চালুর পরিকল্পনাও রয়েছে। ২০২০ সালে অনলাইন স্টোর চালুর মাধ্যমে ভারতে খুচরা বাজারে প্রবেশ করে অ্যাপল, পরে ২০২৩ সালে সিইও টিম কুক প্রথম দুটি শোরুম উদ্বোধন করেন।
অ্যাপলের রিটেইল বিভাগের ভাইস প্রেসিডেন্ট ওয়েন্ডি বেকম্যান জানান, অনেক ভারতীয় ভোক্তা প্রথমবারের মতো অ্যাপলের পণ্য ব্যবহার করছেন। তাই তাদের কৌশল হলো ক্রেতাদের হাতেকলমে অভিজ্ঞতা দেয়া ও পণ্যের সঠিক পরিচয় করানো।
চীনে শাওমির মতো স্থানীয় প্রতিদ্বন্দ্বীর কারণে বাজার হারালেও ভারতে বিক্রি ও উৎপাদন বাড়ানোকে ভবিষ্যৎ বৃদ্ধির বড় সুযোগ হিসেবে দেখছে অ্যাপল।










