গত এক দশকের মধ্যে স্মার্টফোনের ব্যাপক পরিবর্তন এসেছে। ছোট স্ক্রিন ও মোটা বেজেলযুক্ত ফোন থেকে এসেছে স্লিম, হালকা ও প্রায় বেজেলহীন ডিসপ্লের দিকে। এসব পরিবর্তন কখনো সুবিধাজনক ছিল, আবার কখনো ছিল বিতর্কিত। এর মধ্যে সবচেয়ে আলোচিত পরিবর্তনগুলোর একটি ছিল প্রচলিত ৩ দশমিক ৫ মিলিমিটার হেডফোন জ্যাকের অবসান। অনেক অডিওপ্রেমী প্রথমে এ পরিবর্তনকে নেতিবাচক হিসেবে দেখলেও সাম্প্রতিক বছরগুলোয় দেখা যাচ্ছে, হেডফোন জ্যাক না থাকাটা আধুনিক স্মার্টফোনে বেশকিছু সুবিধা এনেছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট মেক ইউজ অবের মতে হেডফোন জ্যাক বাদ দেয়ার কারণে মিলেছে—
মজবুত এবং পানি ও ধুলো প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি
বিশেষজ্ঞদের মতে, হেডফোন জ্যাক না থাকায় স্মার্টফোন আরো টেকসই হয়েছে। পুরনো স্মার্টফোনগুলো ধুলা, ময়লা ও পানির সংস্পর্শে সহজে নষ্ট হয়ে যেত। জ্যাক না থাকায় ডিভাইসের ভেতরের অংশকে নিরাপদভাবে ঢেকে দেয়া সহজ হয়েছে। বর্তমানে অনেক ফোনে আইপি৬৮ রেটিং রয়েছে, যা পানি ও ধুলা থেকে ডিভাইসকে রক্ষা করে। উদাহরণস্বরূপ, আইফোন১৭ পানির ছয় মিটার গভীরে ৩০ মিনিট পর্যন্ত টিকতে পারে, স্যামসাং গ্যালাক্সি এস২৫ দেড় মিটার পানিতে টিকে থাকতে পারে। যদিও এসব ফোন সম্পূর্ণ পানিনিরোধক নয়, তবে ব্যবহারকারীরা এখন অনেক বেশি সুরক্ষা পাচ্ছেন।
ইউএসবি-সি পোর্টের সহজ ও বহুমুখী ব্যবহার
আরেকটি বড় সুবিধা হলো ইউএসবি-সি পোর্টের ব্যবহারে। একটি মাত্র পোর্ট দিয়ে চার্জ, ডাটা ট্রান্সফার ও ডিজিটাল অডিও ব্যবহার করা যায়। ফলে আলাদা জ্যাকের ঝামেলা নেই। এক পোর্টেই সব কাজ সম্পন্ন করা যাচ্ছে। ইউএসবি-সি হেডফোন উচ্চ মানের সাউন্ড দেয়ায় প্রচলিত হেডফোন জ্যাকের অভাব অনুভূত হয় না।
জায়গা বৃদ্ধি ও নতুন হার্ডওয়্যার
হেডফোন জ্যাক না থাকায় ফোনের ভেতরে আরো জায়গা বেড়েছে। যদিও মাত্র ৩ দশমিক ৫ মিলিমিটার জায়গা ছোট, কিন্তু এতে সার্কিট ও হাউজিং প্রয়োজন হয়, যা অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদানের জন্য স্থান কমিয়ে দেয়। জ্যাক না থাকায় বড় ব্যাটারি, উন্নত কুলিং সিস্টেম তৈরি করা সম্ভব হয়েছে। ফলে ফোন এখন আরো দ্রুত কাজ করতে পারে, লম্বা সময় ব্যবহারেও তাপমাত্রা কম থাকে এবং ডিজাইন আগের তুলনায় আরো পাতলা ও হালকা হয়েছে।
ওয়্যারলেস অডিওর উত্থান
ওয়্যারলেস অডিও প্রযুক্তি হেডফোন জ্যাকের পরিবর্তনকে আরো সহজ করেছে। ওয়্যারলেস হেডফোন বা স্পিকারেও এখন খুব ভালো শব্দ মান পাওয়া যায়। ফলে ব্লুটুথ হেডফোন ও ইয়ারবাডস ব্যবহারকারীরা তারহীন চলাফেরার স্বাধীনতা ও সুবিধাসহ ভালো মানের অডিও উপভোগ করতে পারছেন।
বিতর্কিত পরিবর্তন হলেও সুবিধাজনক
হেডফোন জ্যাক না থাকায় শুরুতে কিছু ব্যবহারকারীর জন্য অসুবিধাজনক মনে হলেও, দীর্ঘমেয়াদে এর সুবিধা স্পষ্ট। স্মার্টফোন এখন আরো টেকসই, বহুমুখী ও প্রযুক্তিগতভাবে উন্নত। একক পোর্টের ব্যবহার সহজ করেছে, পানি ও ধুলা প্রতিরোধ ক্ষমতা বাড়িয়েছে, ভেতরের হার্ডওয়্যারের উন্নতি ঘটিয়েছে এবং ওয়্যারলেস অডিও সিস্টেমের বিকাশকে উৎসাহ দিচ্ছে। এ পরিবর্তন ফোনকে আরো পাতলা, স্মার্ট ও নির্ভরযোগ্য করেছে।










