ইনস্টাগ্রাম একটি নতুন ডিসলাইক বাটন পরীক্ষা করছে বলে জানিয়েছে মেটা মালিকানাধীন প্রতিষ্ঠানটি। এটি কোনো পোস্টে অপছন্দের বা অপ্রাসঙ্গিক মন্তব্যে ব্যবহারকারীকে ডাউনভোট করার সুযোগ দেবে। খবর এনগ্যাজেট।

মেটা সম্প্রতি জানিয়েছে, ডিসলাইক বাটন শুধু কমেন্টের ক্ষেত্রে ব্যবহার হবে, মূল কনটেন্টে নয়। প্লাটফর্মটি রিলস ও ফিড পোস্ট উভয়ের জন্যই ফিচারটি পরীক্ষা করছে। এক্ষেত্রে ইনস্টাগ্রাম ডিসলাইকের সংখ্যা দেখাবে না, তবে এ বিষয়ে প্লাটফর্মের প্রধান অ্যাডাম মোসেরি বলেছেন, ‘ডিসলাইকগুলো শেষ পর্যন্ত কমেন্ট র‌্যাংকিংয়ে অবদান রাখবে। অন্য কথায়, ফিচারটি রেডিটের ডাউনভোট বাটনের মতো।’

তিনি থ্রেডসে লেখেন, ‘কোনো পোস্টের কমেন্ট যদি ব্যবহারকারীর অপছন্দ হয়, তিনি এ ফিচারের মাধ্যমে তা জানিয়ে দিতে পারবেন। আমাদের আশা হলো, এটি ইনস্টাগ্রামের কমেন্ট বিভাগকে আরো বন্ধুত্বপূর্ণ করতে সাহায্য করবে।’

মেটার প্রতিনিধি টেকক্রাঞ্চকে দেয়া এক বিবৃতিতে জানান, নতুন ডিসলাইক বাটনের প্রধান উদ্দেশ্য হলো কমেন্ট সেকশনের মান উন্নত করা। বর্তমানে এটি শুধু একটি পরীক্ষামূলক ফিচার হিসেবে খুব সীমিতসংখ্যক ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হচ্ছে। ভবিষ্যতে ফিচারটি আরো বড় পরিসরে চালু হবে বলে প্রত্যাশা রয়েছে।

সাম্প্রতিক মাসগুলোয় প্লাটফর্মে নানা পরিবর্তন আনার কথা জানিয়েছে ইনস্টাগ্রাম। এর প্রতিনিধিরা বলছেন, তারা টিকটকের প্যারেন্ট কোম্পানি বাইটড্যান্সের মালিকানাধীন অ্যাপ ‘ক্যাপকাটের’ মতো একটি ভিডিও এডিটিং অ্যাপ নিয়েও কাজ করছে। এছাড়া ইনস্টাগ্রাম রিলসের সময়সীমা তিন মিনিট বাড়িয়েছে, যা টিকটকের আরেকটি ফিচারের অনুকরণ বলেও অভিমত ব্যবহারকারীদের।