যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে থাকা টিকটকে এবার আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো হোয়াইট হাউজ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের এ সিদ্ধান্তে মার্কিন রাজনীতিতে জনপ্রিয় চীনা অ্যাপটির গুরুত্ব আরো স্পষ্ট হলো বলে মন্তব্য করেছেন অনেকে। খবর দ্য গার্ডিয়ান।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, হোয়াইট হাউজের টিকটক অ্যাকাউন্ট চালু হয় গত মঙ্গলবার। প্রথম পোস্টে ২৭ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়, যার ক্যাপশনে লেখা ছিল, ‘আমেরিকা আমরা ফিরে এসেছি! কেমন আছো টিকটক?’। পোস্টের ১ ঘণ্টার মধ্যেই অ্যাকাউন্টটির অনুসারী দাঁড়ায় প্রায় সাড়ে চার হাজারে। অন্যদিকে ট্রাম্পের ব্যক্তিগত টিকটক অ্যাকাউন্টে অনুসারীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৫০ লাখে। যদিও তার সর্বশেষ পোস্ট ছিল গত ৫ বছরের নভেম্বর, নির্বাচনের দিন।
টিকটককে ঘিরে একসময় কঠোর অবস্থানে ছিলেন ট্রাম্প। ২০২০ সালে তিনি অ্যাপটিকে যুক্তরাষ্ট্রের জন্য জাতীয় নিরাপত্তার ঝুঁকি বলে দাবি করেছিলেন। কংগ্রেসও পরে এ বিষয়ে কঠোর আইন পাস করে। সেই আইনে বলা হয়, চীনা বাইটড্যান্সের মালিকানাধীন অ্যাপ টিকটককে অবশ্যই কোনো মার্কিন ক্রেতার কাছে বিক্রি করতে হবে, নইলে দেশজুড়ে নিষিদ্ধ হবে। আইনটির কার্যকারিতা শুরু হওয়ার কথা ছিল চলতি বছরের জানুয়ারিতে, ট্রাম্পের অভিষেকের আগেই। তবে দায়িত্ব নেয়ার পর থেকেই ট্রাম্প তিনবার সময়সীমা বাড়ান। সর্বশেষ সময়সীমা শেষ হবে সেপ্টেম্বরের মাঝামাঝি।
তবে নির্বাচনী প্রচারণায় টিকটকের ভূমিকাই ট্রাম্পের অবস্থান পাল্টে দেয়। ২০২৪ সালের নির্বাচনী প্রচারণায় তরুণ ভোটারদের কাছে পৌঁছতে টিকটককে কার্যকর মাধ্যম হিসেবে ব্যবহার করেন তিনি। এর ফলে অ্যাপে তার অনুসারী বেড়ে দাঁড়ায় প্রায় ১ কোটি ৫০ লাখে। এমনকি টিকটকের প্রধান নির্বাহী শৌ জি চিউকে ফ্লোরিডার মার-আ-লাগো বাসভবনে আমন্ত্রণ জানান ট্রাম্প। চিউ ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানেও যোগ দেন।
বর্তমানে যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবহারকারী প্রায় ১৭ কোটি। বিশ্বব্যাপী এ সংখ্যা পৌঁছেছে প্রায় ২০০ কোটিতে। অ্যাপটির মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্স জানিয়েছে, তারা এখনো মার্কিন সরকারের সঙ্গে সমাধানের জন্য আলোচনা করছে। তবে যেকোনো চুক্তি কার্যকর করতে হলে অবশ্যই চীনা আইনের অনুমোদন লাগবে।
সবশেষে হোয়াইট হাউজের টিকটকে যোগ দেয়া ইঙ্গিত করছে, অ্যাপটি এখন মার্কিন রাজনীতিতে শুধু বিতর্কের বিষয় নয়, বরং যোগাযোগ ও প্রচারের একটি গুরুত্বপূর্ণ মাধ্যমেও পরিণত হয়েছে।










