গত বছরের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) বার্ষিক হিসাবে পরিচালন মুনাফা ১২৯ দশমিক ৮৫ শতাংশ বেড়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকসের। তবে এআই সার্ভারের জন্য প্রয়োজনীয় চিপের চাহিদা ঠিকমতো পূরণ করতে না পারায় আগের প্রান্তিকের তুলনায় মুনাফা কিছুটা কমেছে। খবর দ্য বিজনেস টাইমস।

দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় ব্যবসায়িক গ্রুপ স্যামসাং গ্রুপের সহায়ক প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকস দেশটির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্বের সবচেয়ে বড় মেমোরি চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি গত অক্টোবরে জানায়, অনেক বড় সংকটের মধ্যে রয়েছে স্যামসাং। ওই সময় কোম্পানির প্রযুক্তিগত প্রতিযোগিতা ও ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠে। তবে এমন উদ্বেগের পর পরই পরিচালন মুনাফা বাড়ার ঘোষণাটি স্যামসাংয়ের জন্য একই সঙ্গে চ্যালেঞ্জ ও সাফল্যের ইঙ্গিত দেয় বলে মনে করছেন প্রযুক্তিবিদরা।

স্যামসাং জানিয়েছে, ২০২৪ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত কোম্পানির পরিচালন মুনাফা হয়েছে ৬ দশমিক ৫ ট্রিলিয়ন কোরিয়ান ওন বা ৬১০ কোটি ডলার। এক বছর আগের একই সময়ের তুলনায় এটি একটি বিশাল প্রবৃদ্ধি। ২০২৩ সালের শেষ প্রান্তিকে মুনাফা ছিল ২ দশমিক ৮২ ট্রিলিয়ন ওন।