সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুকের বিরুদ্ধে মামলা করেছেন মার্ক জাকারবার্গ নামে যুক্তরাষ্ট্রের এক আইনজীবী। সেলিব্রিটি বা তারকাদের নাম নকলের দায়ে তার ফেসবুক অ্যাকাউন্ট বারবার নিষ্ক্রিয় বা ব্লক করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। খবর বিবিসি।

আইনজীবী মার্ক এস জাকারবার্গ বলেন, ‘আমি আসলে সেই পরিচিত সেলিব্রিটি (মেটার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ) নই। আমি কেবল একই নামের আরেকজন।’

তিনি জানিয়েছেন, গত আট বছরের মধ্যে তার অ্যাকাউন্ট পাঁচবার নিষ্ক্রিয় করা হয়েছে এবং এতে তার ব্যবসায় হাজার হাজার ডলার লোকসান হয়েছে।

দেউলিয়া এ আইনজীবীর সম্প্রতি করা মামলায় বলা হয়েছে, তিনি ৩৮ বছর ধরে আইনচর্চা করছেন। অর্থাৎ তার পেশাদার জীবন যখন শুরু হয়, সে সময় ফেসবুকের প্রতিষ্ঠাতা এবং বিশ্বের অন্যতম ধনী মার্ক ই. জাকারবার্গ কেবলই শিশু।

তবে মেটা জানিয়েছে, তারা ওই আইনজীবীর অ্যাকাউন্ট পুনরায় চালু করেছে এবং ভবিষ্যতে এমন ঘটনা না ঘটার জন্য পদক্ষেপ নিচ্ছে।

ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের মেরিয়ন সুপিরিয়র কোর্টে করা মামলার তথ্যানুযায়ী, ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা চুক্তি ভঙ্গ করেছে। ওই আইনজীবীর ১১ হাজার ডলারের বিজ্ঞাপন ভুলভাবে সরিয়ে নেয় সোশ্যাল প্লাটফর্মটি।

স্থানীয় গণমাধ্যমকে দেয়া মার্ক এস জাকারবার্গের ইমেইলগুলোয় দেখা যায়, ফেসবুক তার বিরুদ্ধে ‘প্রকৃত নাম ব্যবহার না করার’ অভিযোগ এনেছিল। তিনি জানান, পরে নিজের পরিচয় প্রমাণ করতে তিনি ফটো আইডি, ক্রেডিট কার্ড এবং তার মুখের একাধিক ছবি ফেসবুককে জমা দিয়েছেন।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মার্কের অ্যাকাউন্ট মে মাসে বন্ধ করা হয়েছিল এবং সম্প্রতি মামলা দায়েরের পর পুনরায় তা চালু করা হয়।