চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বৈশ্বিক পার্সোনাল কম্পিউটার বাজারের আকার বেড়েছে প্রায় ৭ শতাংশ। এ সময় ডেস্কটপ, নোটবুক ও ওয়ার্কস্টেশনের বিক্রি পৌঁছেছে ৭ কোটি ২০ লাখ ইউনিটে। উইন্ডোজ ১০-এর সাপোর্ট শেষ হয়ে আসায় ব্যবহারকারীরা নতুন কম্পিউটার আপগ্রেড করছে, যা বিক্রি বাড়ার মূল কারণ হিসেবে উল্লেখ করেছে বাজার গবেষণা সংস্থা ওমডিয়া।
ওমডিয়ার গবেষণা পরিচালক ইশান দত্ত বলেন, ‘ব্যবসাপ্রতিষ্ঠান এবং সাধারণ মানুষ এখনো নতুন কম্পিউটার বা পিসি আপগ্রেড করতে আগ্রহী। চলতি বছরের অক্টোবর থেকে উইন্ডোজ ১০-এর আর সফটওয়্যার আপডেট বা সাপোর্ট পাওয়া যাবে না। এর মধ্যে রয়েছে নিরাপত্তা হালনাগাদ, বাগ ঠিক করা, নতুন ফিচার কিংবা কারিগরি সহায়তা দেয়া। তাই সবাই পুরনো পিসি বদলে নতুন কম্পিউটার কিনছে বা পরিমার্জন করছে।’
তিনি জানান, মাইক্রোসফট ও এর অংশীদাররা বিশেষ করে ছোট ব্যবসা ও সাধারণ ব্যবহারকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য বড় প্রচেষ্টা চালিয়েছে। তবু বিশ্বের অনেক কম্পিউটার এখনো উইন্ডোজ ১০-এ চলছে বা এগুলো পাঁচ বছরের বেশি পুরনো। ফলে নতুন পিসি কেনার চাহিদা এখনো অনেক বেশি।
তবে ওমডিয়ার প্রতিবেদন আরো বলছে, অনেক ব্যবসায়িক গ্রাহক এখনো তাদের কম্পিউটার উইন্ডোজ ১১-এ আপগ্রেড করেনি।
মাইক্রোসফটের তথ্যানুযায়ী, ২০২৩ সালে ৮০ শতাংশের বেশি ব্যবসায়িক কম্পিউটার উইন্ডোজ ১০ ব্যবহার করত। সেখানে কিছু অগ্রগতি হলেও এখনো অর্ধেকের বেশি কম্পিউটার উইন্ডোজ ১১-এ আপডেট করা হয়নি, যা বড় ধরনের নিরাপত্তার ঝুঁকি তৈরি করছে বলে জানিয়েছে সংস্থাটি।
১০ লাখেরও বেশি ডিভাইসের তথ্য বিশ্লেষণ করে জুলাইয়ে প্রকাশিত সমীক্ষায় দেখা গেছে, শিক্ষা ও প্রযুক্তি খাতের প্রতিষ্ঠানগুলো তুলনামূলকভাবে এগিয়ে আছে। এসব খাতের ৭০ শতাংশের বেশি কম্পিউটার উইন্ডোজ ১১-তে আপডেট করা হয়েছে। অন্যদিকে স্বাস্থ্য ও আর্থিক খাতে অর্ধেকেরও কম ডিভাইস হালনাগাদ করা হয়েছে।
বাজার গবেষণাপ্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের প্রতিবেদন অনুযায়ী, আগের প্রান্তিকে (এপ্রিল-জুন) বিশ্বব্যাপী পিসি বাজারে ৮ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি দেখা যায়, যা ২০২২ সালের পর সর্বোচ্চ।
বছরের তৃতীয় প্রান্তিকে ব্র্যান্ডগুলোর মধ্যে লেনোভো বাজারে শীর্ষস্থানে রয়েছে। বিশ্বব্যাপী মোট পিসি চালানের প্রায় ২৬ দশমিক ৭ শতাংশ লেনোভোর দখলে। এর পরই রয়েছে এইচপি ও ডেল।
গবেষক ইশান দত্ত বলেন, ‘প্রযুক্তি কোম্পানিগুলো সম্প্রতি নতুন পণ্য নিয়ে গ্রাহককে আকৃষ্ট করার পরিকল্পনা করছে। উদাহরণস্বরূপ কোয়ালকম প্রিমিয়াম পিসি চিপসেটের নতুন হালনাগাদ স্ন্যাপড্রাগন এক্স২ এলিট উন্মোচন করেছে। একই সঙ্গে ইন্টেল পরবর্তী প্রজন্মের কোর আলট্রা প্রসেসর প্যান্থার লেক সিরিজের ঘোষণা করেছে। উভয় কোম্পানি নতুন প্রযুক্তি ও চিপসেটের সাহায্যে গ্রাহকদের নতুন কম্পিউটার কিনতে উৎসাহিত করতে চাচ্ছে।’
এদিকে টানা কয়েক প্রান্তিকের মন্দা কাটিয়ে ২০২৪ সালের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি ফিরে আসে বৈশ্বিক পিসির বাজারে। তবে গত বছর তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আবারো বিক্রি কমতে দেখা যায়।










