প্রযুক্তিনির্ভর আজকের যুগে মা-বাবার জন্য সন্তান লালনপালন নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শুধু ডিভাইস দেয়ার বিষয়েই নয়, বরং কোন ধরনের ডিভাইস তাদের বয়স, মানসিকতা এবং পারিবারিক চাহিদার সঙ্গে মানানসই, সে বিষয়েও মিলেনিয়ান ও জেনজি প্রজন্মের পিতা-মাতাকে এখন মাথা ঘামাতে হচ্ছে আগের প্রজন্মের তুলনায় বেশি।
শিশুদের জন্য নিরাপদভাবে প্রযুক্তির ব্যবহার শুরু করার দুটি জনপ্রিয় বিকল্প হলো, বিশেষভাবে শিশুদের জন্য তৈরি ফোন এবং শিশুদের স্মার্টওয়াচ। উভয় ডিভাইসকে কাজে লাগিয়ে অভিভাবকরা ইন্টারনেটের ব্যবহার, অনুপযুক্ত কনটেন্ট এবং অতিরিক্ত স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ করতে পারেন।
শিশুদের জন্য ফোন
শিশুদের জন্য বিশেষভাবে নির্মিত ফোনগুলো সম্পূর্ণ স্মার্টফোনের বিকল্প নয়, বরং মধ্যবর্তী সমাধান হিসেবে কাজ করে। যেমন বার্ক ফোন প্রয়োজনীয় স্মার্টফোন ফিচার দেয় কিন্তু অনুপযুক্ত অ্যাপ, ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশাধিকার সীমিত রাখে। অভিভাবকরা সহজেই কন্টাক্ট, কন্টেন্ট এবং অন্যান্য ফিচার নিয়ন্ত্রণ করতে পারেন যা শিশুর জন্য অনুপযুক্ত।
এগুলো শিশুদের স্বাধীনতা দেয়, তবে নিরাপত্তার দিকটি বজায় রাখে। জরুরি পরিস্থিতিতে শিশুরা অভিভাবকের সঙ্গে যোগাযোগ করতে পারে, বন্ধুদের সঙ্গে পরিকল্পনা করতে পারে এবং দায়িত্বশীলভাবে ডিভাইস ব্যবহার শেখে। একই সঙ্গে এ ফোনগুলো অতিরিক্ত গেম, সোশ্যাল মিডিয়া বা অনলাইন বিনোদন থেকে দূরে রাখে।
শিশুদের স্মার্টওয়াচ
স্মার্টওয়াচের মতো বার্ক ওয়াচ বিনোদনের চেয়ে যোগাযোগ ও নিরাপত্তার ওপর বেশি গুরুত্ব দেয়। শিশু নির্দিষ্ট অনুমোদিত কন্টাক্টের সঙ্গে কল ও টেক্সট করতে পারে, কিন্তু ইন্টারনেট ব্রাউজ বা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারে না। ছোট স্ক্রিন এবং সীমিত ফিচার অনেকক্ষণ ব্যবহারের সুযোগ কমায়। আর জিপিএস ট্র্যাকিং ও জরুরি সতর্কতা অভিভাবকদের মানসিক শান্তি দেয়।
প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য স্মার্টওয়াচ বেশি উপযুক্ত। এটি সহজ, নিরাপদ যোগাযোগ নিশ্চিত করে এবং ফোনের জটিলতা ও অনভিপ্রেত আকর্ষণ থেকে দূরে রাখে। বড় শিশুদের জন্য বিশেষ ফোন ব্যবহার করা যায়, যা ধাপে ধাপে নতুন ফিচার শেখার সুযোগ দেয়।
প্রধান ফিচার ও ব্যবহারিক সুবিধা
শিশুদের স্মার্ট ডিভাইসে থাকা প্রধান ফিচার হলো কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট, অবস্থান ট্র্যাকিং, কনটেন্ট মনিটরিং এবং জরুরি সাহায্য। এছাড়া এই ডিভাইসগুলো দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানেও সাহায্য করে, যেমন স্কুল থেকে ফেরার সময়সূচি পরিবর্তন বা পরিবারের কাজকর্ম সমন্বয়। শিশু স্বাধীনভাবে স্কুলে যাওয়া, বন্ধুদের সঙ্গে দেখা বা অন্যান্য কার্যক্রমে অংশ নিলেও অভিভাবকের সঙ্গে যোগাযোগ রাখতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের জন্য ফোন ও স্মার্টওয়াচ উভয়ই অনিয়ন্ত্রিত স্মার্টফোনের চেয়ে নিরাপদ। পরিবারগুলো শিশুদের বয়স, মানসিকতা ও প্রযুক্তি ব্যবহারের সুবিধা বিবেচনা করে সঠিক বিকল্প বেছে নিতে পারে। বার্ক প্রযুক্তি শিশুদের নিরাপদ ও দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহারে সহায়তা দেয়। —টেকটাইমস অবলম্বনে










