চিকিৎসা ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার দ্রুত বাড়ছে। এতে চিকিৎসাসেবায় নতুন সুযোগ তৈরি হলেও ভুল চিকিৎসা বা ব্যর্থতার ক্ষেত্রে দায় নির্ধারণ নিয়ে জটিলতা বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফলে কোনো ভুল হলে দায় চিকিৎসক, প্রযুক্তি প্রস্তুতকারী সংস্থা নাকি হাসপাতালের তা নির্ধারণ করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। খবর দ্য গার্ডিয়ান।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের জার্নাল অব দি আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন আয়োজিত এক সম্মেলনে বলা হয়, এআই ব্যবহারের ফলে চিকিৎসা সিদ্ধান্তে ভুল হলে সরাসরি দায় কার ওপর পড়বে, তা স্পষ্ট নয়। এতে আইনি ও নৈতিক অনিশ্চয়তা তৈরি হচ্ছে।

ইউনিভার্সিটি অব পিটসবার্গের অধ্যাপক ডেরেক অ্যাঙ্গাস বলেন, ‘ভবিষ্যতে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে হয়তো কোনো একটি ভুল হবে। আর তখন মানুষ দোষ দেয়ার জন্য কাউকে না কাউকে খুঁজবে।’

সম্মেলনের আলোচনার ভিত্তিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চিকিৎসা খাতে এআইয়ের ক্লিনিক্যাল ব্যবহার দ্রুত বাড়ছে। একই সঙ্গে এর নিয়ন্ত্রণ ও কার্যকারিতা যাচাই নিয়ে উদ্বেগও বাড়ছে। অনেক টুল এখনো পরীক্ষিত নয়, তবু হাসপাতাল ও ক্লিনিকে ব্যবহার করা হচ্ছে। এসব টুল নিয়ন্ত্রক সংস্থার নজরদারির বাইরে থাকায় এর ফলাফল নিয়ে অনিশ্চয়তা থেকে যাচ্ছে।