বট বা স্বয়ংক্রিয় প্রোগ্রাম ইন্টারনেট ট্রাফিকের অর্ধেকের বেশি অংশ দখল করে আছে। সম্প্রতি এক গবেষণায় এমন তথ্য জানায় যুক্তরাষ্ট্রভিত্তিক সাইবার সিকিউরিটি সংস্থা ইমপারভা। খবর টেকরাডার।

প্রতিষ্ঠানটি বলছে, বর্তমানে ইন্টারনেটের প্রায় ৫১ শতাংশ কার্যকলাপ মানুষের নয়, বিভিন্ন স্বয়ংক্রিয় সফটওয়্যার বা স্ক্রিপ্টের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এগুলো ওয়েবসাইটে প্রবেশ ও তথ্য সংগ্রহসহ নানা কাজ করছে।

বট হলো স্বয়ংক্রিয় সফটওয়্যার, যা ইন্টারনেটে মানুষের মতো কাজ করে। যেমন ওয়েবসাইট ঘোরা, তথ্য সংগ্রহ বা ব্যবহারকারীদের সঙ্গে যোগাযোগ করা। ভালো বট যেমন সার্চ ইঞ্জিনের জন্য ওয়েবপেজ স্ক্যান করে, তেমনি খারাপ বট নানা ধরনের ক্ষতিকর কাজ করে। এর মধ্যে আছে ভুয়া লগ ইন প্রচেষ্টা ও ক্লিক, তথ্য চুরি বা ওয়েবসাইটে বিশৃঙ্খলা তৈরি।

২০২৫ সালের ইমপারভা ব্যাড বট প্রতিবেদনে বলা হয়, প্রথমবারের মতো গত ১০ বছরে ইন্টারনেট ট্রাফিকের ৫১ শতাংশই তৈরি হয়েছে বটের মাধ্যমে। এ পরিবর্তনের প্রধান কারণ হিসেবে প্রতিবেদনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের (এলএলএম) ব্যবহার ও চাহিদা বাড়াকে দায়ী করা হয়।

ইমপারভার প্রতিবেদনে মূলত খারাপ বট ও বিভিন্ন শিল্পে এর প্রভাব তুলে ধরা হয়েছে। এসব স্বয়ংক্রিয় প্রোগ্রাম ইচ্ছাকৃতভাবে কোনো ওয়েবসাইট, অ্যাপ বা অনলাইন পরিষেবায় ক্ষতির চেষ্টা করে। প্রতিবেদন অনুযায়ী, ভ্রমণ ও খুচরা শিল্পে খারাপ বটের প্রভাব ব্যাপক আকারে দেখা গেছে। ভ্রমণ শিল্পে এসব বটের ট্রাফিক ৪১ শতাংশ আর খুচরা শিল্পে ৫৯ শতাংশ। ২০২৪ সালে সবচেয়ে বেশি বট আক্রমণ হয় ভ্রমণ শিল্পে, যা আগের বছরের তুলনায় ২১ শতাংশ বেশি।

সাইবার সিকিউরিটি সংস্থাটি আরো জানিয়েছে, জেনারেটিভ এআইয়ের ব্যবহার বাড়ার ফলে বট আক্রমণের সমস্যা আরো গুরুতর হচ্ছে। বিশেষ করে ‘বাইটস্পাইডার’ নামের একটি বট একা একা সব এআই-চালিত আক্রমণের ৫৪ শতাংশ ঘটনার জন্য দায়ী। এর বাইরে উল্লেখযোগ্য বটগুলোর মধ্যে রয়েছে অ্যাপলবট (২৬ শতাংশ), ক্লডবট (১৩ শতাংশ) ও চ্যাটজিপিটি ইউজার বট (৬ শতাংশ)।

তবে সব বটই ক্ষতিকর নয়। অনেক বট আছে, যেগুলো ইন্টারনেটের জন্য উপকারী ও প্রয়োজনীয়। যেমন সার্চ ইঞ্জিনের বট ওয়েবসাইট স্ক্যান করে সার্চে প্রদর্শনের জন্য প্রস্তুত করে, মনিটরিং বট ওয়েবসাইট ঠিকঠাক চলছে কিনা তা দেখে, সোশ্যাল মিডিয়া বট পোস্ট শিডিউল করে বা অটো-রিপ্লাই দেয়।

আবার ডাটা স্ক্র্যাপিং বট বিভিন্ন সাইট থেকে দরকারি তথ্য সংগ্রহ করে। এ ধরনের বটগুলো ইন্টারনেটকে কার্যকর ও সংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।