সাধারণ গাণিতিক সমস্যার ভুল উত্তর ও এক ব্যবহারকারীকে ‘গরুর ডিম’ খাওয়ার পরামর্শ দেয়ার অভিযোগে ফরাসি ভাষার এক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। খবর সিএনএন।
লুসি চালু হওয়ার পর গত বৃহস্পতিবার ব্যবহারকারীরা সোশ্যাল মিডিয়ায় চ্যাটবটটির দেয়া ভিত্তিহীন উত্তরের উদাহরণ শেয়ার করতে থাকেন। এর মধ্যে দেখা যায় এক ব্যবহারকারীর প্রশ্নের উত্তরে চ্যাটবট গরুর ডিম নিয়ে তথ্য দিয়েছিল। তার ভাষ্যানুযায়ী, লুসির উত্তর ছিল ‘গরুর ডিম, যা মুরগির ডিম নামেও পরিচিত, গরুর তৈরি ভোজ্য ডিম। গরুর ডিম প্রোটিন ও পুষ্টির একটি উৎস এবং এটি স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাদ্য হিসেবে বিবেচিত হয়।’
এছাড়া লুসিকে ৫ দিয়ে (৩+২) গুণ করতে বলা হলে, এটি সঠিক উত্তর ২৫-এর পরিবর্তে ১৭ বলে। লুসি আরো জানায়, ‘ছাগলের বর্গমূল এক’, যা আরো বিভ্রান্তি তৈরি করে।
এ বিষয়ে লুসির নির্মাতা প্রতিষ্ঠান লিনাগোরা গ্রুপ সম্প্রতি এক বিবৃতিতে জানায়, চ্যাটবটটি একটি একাডেমিক গবেষণা প্রকল্পের অংশ। এটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাদের মতে, লুসিকে অত্যন্ত তাড়াহুড়ো করে প্রকাশ করা হয়েছে। মডেলের বর্তমান সীমাবদ্ধতা সম্পর্কে ব্যবহারকারীদের আরো স্পষ্টভাবে জানানো উচিত ছিল বলে স্বীকার করেছে প্রতিষ্ঠানটি। তারা অতিরিক্ত উৎসাহিত হয়ে পরিস্থিতি সম্পর্কে ভালোভাবে চিন্তা না করেই কাজ করেছে।
লিনাগোরা গ্রুপের জেনারেল ডিরেক্টর মিশেল-মারি মাউডেট জানান, তারা মডেলটি আপডেট করছে। সর্বসাধারণের জন্য পুনরায় চালু করার আগে বিটা সংস্করণটি নিজেরা পরীক্ষা করবে তারা। চ্যাটজিপিটির মতো ইংরেজি ভাষাভাষী মডেলের বিকল্প তৈরি করার লক্ষ্যে লুসি চালু করা হয় বলে জানান মাউডেট।
এর আগে জানুয়ারির প্রথম সপ্তাহে লিনাগোরার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, লুসির লোগো ফ্রান্সের জাতীয় প্রতীক ‘মেরিয়ান’ ও যুক্তরাষ্ট্রের অভিনেত্রী স্কারলেট জোহানসনের অভিনীত ‘লুসি’ চলচ্চিত্র থেকে অনুপ্রাণিত। লুসি একটি নীল, সাদা ও লাল শালের মধ্যে আবৃত, যা তার সার্বভৌম ফরাসি ব্যক্তিত্বকে প্রকাশ করে।










