টেক জায়ান্ট গুগলের বহুল প্রতীক্ষিত ‘মেড বাই গুগল ২০২৫’ ইভেন্টে উন্মোচন হয়েছে পিক্সেল ১০ সিরিজ, নতুন ফোল্ডেবল ফোন, পিক্সেল ওয়াচ ৪, দ্বিতীয় প্রজন্মের বাজেটবান্ধব এ সিরিজ ইয়ারবাডস ও জেনারেটিভ এআই প্লাটফর্ম জেমিনির নতুন ফিচার। সেপ্টেম্বরে অ্যাপলের অনুষ্ঠেয় হার্ডওয়্যার ইভেন্টের আগেই গুগল নিজেদের নতুন ডিভাইস ও সফটওয়্যার হালনাগাদ বাজারে আনল

● জেমিনির নতুন ফিচার

ইভেন্টে গুগল দেখিয়েছে জেমিনির নতুন সক্ষমতা। আপগ্রেড হওয়া জেমিনি লাইভ এখন ক্যামেরা ব্যবহার করে বাস্তব সময়ে গাইড করতে পারবে। উদাহরণস্বরূপ, ঘরের ছবি শেয়ার করলে এআই ঘর সাজানোর পরামর্শ দেবে। এছাড়া পিক্সেল ১০ সিরিজে যুক্ত হয়েছে ‘ক্যামেরা কোচ’, যা ছবি তোলার সময় আলো ও অ্যাঙ্গেল নিয়ে তাৎক্ষণিক পরামর্শ দেয়। আরো রয়েছে কথোপকথনভিত্তিক ফটো এডিটিং টুল, যেখানে কেবল নির্দেশ দিলেই উজ্জ্বলতা বাড়ানো, বস্তু সরানো বা ব্যাকগ্রাউন্ড বদলানোর মতো কাজ করা যাবে।

● পিক্সেল ১০, ১০ প্রো ও ১০ প্রো এক্সএল

প্রথমবারের মতো স্ট্যান্ডার্ড পিক্সেল ১০ মডেলে যুক্ত হয়েছে টেলিফটো লেন্স। নতুন ৫ গুণ টেলিফটো লেন্স ও ১০০ গুণ প্রো রেজ জুম দিয়ে আরো মানসম্মত ক্লোজআপ ছবি তোলা যাবে। ডিজাইন আগের সিরিজের মতো হলেও ডিসপ্লে একই থাকছে। পিক্সেল ১০ ও ১০ প্রোতে ৬ দশমিক ৩ ইঞ্চি এবং ১০ প্রো এক্সএলে ৬.৮ ইঞ্চি ডিসপ্লে। প্রো মডেলগুলোর ক্যামেরা, ভিডিও, ব্যাটারি ও ফাস্ট চার্জিংয়ে উন্নত করা হয়েছে বলে দাবি গুগলের।

এবার প্রথমবারের মতো পিক্সেল ডিভাইস যাচ্ছে মেক্সিকোর বাজারে। তবে দেশটিতে পিক্সেল ১০ প্রো ও পিক্সেল ওয়াচ ৪-এর এলটিই সংস্করণ পাওয়া যাবে না।

● পিক্সেলস্ন্যাপ

পিক্সেল ১০ ডিভাইসগুলোয় যুক্ত হয়েছে নতুন ম্যাগনেটিক প্রযুক্তি ‘পিক্সেলস্ন্যাপ’। এটি অ্যাপলের ম্যাগসেফের মতো কাজ করবে। গুগল নতুন কিছু অ্যাকসেসরিজ এনেছে—৪০ ডলারের চার্জার, ৫০ ডলারের ম্যাগনেটিক ফোন কেস ও ৩০ ডলারের রিং স্ট্যান্ড।

● পিক্সেল ১০ প্রো ফোল্ড

গুগলের নতুন ফোল্ডেবল ফোনে এসেছে বড় আকারের কাভার ডিসপ্লে ও মূল স্ক্রিন। টেক জায়ান্টটির দাবি, এতে শক্তিশালী হিঞ্জ, পাতলা বেজেল ও আইপি৬৮ রেটিং রয়েছে, যা ধুলো ও পানির বিরুদ্ধে সুরক্ষা দেবে। ক্যামেরায় রয়েছে ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স ও ৫ গুণ অপটিক্যাল জুম।

● পিক্সেল জার্নাল অ্যাপ

অ্যাপলের জার্নাল অ্যাপের মতো এবার গুগল এনেছে ‘পিক্সেল জার্নাল’। এখানে ব্যবহারকারীরা নোট লিখতে পারবেন, ছবি, লোকেশন ও কার্যক্রম যুক্ত করতে পারবেন। আবার এআই থেকেও অনুপ্রেরণামূলক প্রম্পট সাজেশনও পাওয়া যাবে এখানে।

● পিক্সেল ওয়াচ ও পিক্সেল বাডস

পিক্সেল ওয়াচ ৪-এ এসেছে মোটা ডিজাইন, বড় ব্যাটারি ও ছোট বেজেল। নতুন এআই ফিচারের মাধ্যমে শুধু কব্জি তুললেই জেমিনি ব্যবহার করা যাবে।

বাজেটবান্ধব পিক্সেল বাডস ২এ মডেলে এসেছে অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন ও নতুন দুটি রঙ—হ্যাজেল ও আইরিস। পিক্সেল বাডস প্রো ‘২এ’-তে যুক্ত হয়েছে জেমিনি ফিচার, যা ইশারা দিয়েই কল রিসিভ করে দেবে।

● স্মার্ট হোমে জেমিনি

গুগল অ্যাসিস্ট্যান্টের জায়গায় আসছে ‘জেমিনি ফর হোম’। প্রযুক্তিটি ডোরবেল, ক্যামেরা, স্পিকার, থার্মোস্ট্যাটসহ বিভিন্ন ডিভাইসে কাজ করবে। ‘হাই গুগল’ বলেই এটি চালু করা যাবে। একই সঙ্গে অনেক কাজ করা, জটিল নির্দেশ বোঝা ও স্বাভাবিক কথোপকথন চালানো সম্ভব হবে।

● ফিটবিট এআই কোচ

নতুন এআইচালিত স্বাস্থ্য কোচের ঘোষণা দিয়েছে গুগল। ব্যবহারকারীর লক্ষ্য, পছন্দ ও সরঞ্জাম অনুযায়ী ওয়ার্কআউটের পরামর্শ দেবে এটি। —টেকক্রাঞ্চ অবলম্বনে