মার্কিন ফেডারেল ট্রেড কমিশনের (এফটিসি) সঙ্গে চলমান অ্যান্টিট্রাস্ট মামলায় সমঝোতা করতে চেয়েছিল মেটা। কোম্পানিটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ প্রথমে ৪৫ কোটি ডলার ও সম্প্রতি ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলারের প্রস্তাব দেন। খবর ইন্ডিয়া টুডে।
ওয়াল স্ট্রিট জার্নালের তথ্যানুসারে, এফটিসি চেয়ারম্যান অ্যান্ড্রু ফার্গুসন এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। কারণ কমিশন অন্তত ১ হাজার ৮০০ কোটি বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়েছে।
এফটিসি সম্প্রতি আদালতে ২০১২ সালের একটি ই-মেইল উপস্থাপন করেছে, যেখানে জাকারবার্গ লিখেছিলেন, ইনস্টাগ্রাম অধিগ্রহণের মাধ্যমে তারা প্রতিযোগীকে নিষ্ক্রিয় করতে চায়। তবে এ বিষয়ে জাকারবার্গ জানান, এটি ছিল একটি অভ্যন্তরীণ আলোচনা, যা কোম্পানির দীর্ঘমেয়াদি কৌশল প্রতিফলিত করে না।
আদালতে জবাব দিতে গিয়ে জাকারবার্গ বলেন, ‘এ অধিগ্রহণগুলো ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরো ভালো করার জন্য করা হয়েছিল। এতে উদ্ভাবন বাড়ার সঙ্গে প্লাটফর্ম আরো কার্যকর হয়।’
জাকারবার্গ আরো জানান, এখন ফেসবুক আগের চেয়ে উন্নত কনটেন্ট ও আগ্রহভিত্তিক ফিডে মনোযোগ দিচ্ছে। তবে মেটার মূল লক্ষ্য এখনো বন্ধু ও পরিবারের সঙ্গে সংযোগ রক্ষা করা।
মেটার বিরুদ্ধে আরো কিছু অভিযোগ রয়েছে। এর মধ্যে সম্প্রতি আলোচিত হয় প্রতিষ্ঠানটির কনটেন্ট যাচাইয়ের ফ্যাক্ট-চেকিং ব্যবস্থা তুলে দেয়া।
প্রসঙ্গত, মামলার রায় যদি এফটিসির পক্ষে যায়, তবে মেটাকে হয়তো ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ বিক্রি করে দিতে হতে পারে। মামলাটি আট সপ্তাহ পর্যন্ত চলতে পারে। এতে মেটার সাবেক প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শেরিল স্যান্ডবার্গ ও ইনস্টাগ্রামের সহপ্রতিষ্ঠাতা কেভিন সিস্ট্রোমের সাক্ষ্যগ্রহণ হতে পারে।
প্রতিবেদনে আরো বলা হয়, মার্ক জাকারবার্গ আশা করেছিলেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে সমর্থন দেবেন। জানা যায়, বর্তমান বিচার প্রক্রিয়া শুরুর বেশ কয়েক সপ্তাহ আগে তিনি ট্রাম্পকে এ মামলা ঠেকাতে সাহায্যের অনুরোধ করেছিলেন।
মামলাটির প্রস্তুতি চলছে দুই বছরের বেশি সময় ধরে। এর সূচনা হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের প্রথম প্রশাসনের সময়। তখন ডেমোক্র্যাট-রিপাবলিকান উভয় দলের আইনপ্রণেতারা মেটার একচেটিয়া আধিপত্য নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। মামলাটি ঠেকাতে মেটা নানা কৌশল নিয়েছিল। তবে কোনো চেষ্টাই সফল হয়নি। ফলে এবার চূড়ান্ত লড়াইয়ের মুখোমুখি মেটা এবং গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে এর বিচারকাজ শুরু হয়।










