চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান অপো এ সিরিজের সর্বশেষ স্মার্টফোন ‘এফাইভ প্রো’ উন্মোচন করেছে। এর আগের মডেলটি ছিল এথ্রি প্রো। অপোর দাবি অনুযায়ী, নতুন ফোনটি দুর্দান্ত টেকসই, শক্তিশালী প্রসেসর ও প্রতিকূল পরিবেশে খাপ খাইয়ে নেয়ার বৈশিষ্ট্য নিয়ে বাজারে আসছে। খবর গিজমোচায়না।

অপোর দাবি, স্মার্টফোন বাজারে মিলিটারি স্ট্যান্ডার্ডের পরিবেশগত ১৪টি পরীক্ষায় পাস করা এটিই প্রথম ফোন। ফলে ধুলাবালি ও পানি থেকে সুরক্ষিত থাকার পাশাপাশি মাইনাস ৩৫-৪৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টিকে থাকবে অপো এফাইভ প্রো।

অপো এফাইভ প্রো ফোনটিতে থাকছে ৬ দশমিক ৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস কোয়াড-কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, যার রেজল্যুশন ২৪১২×১০৮০ পিক্সেল। ডিসপ্লেতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট থাকায় স্মুথ স্ক্রলিং ও গেমিংয়ে দুর্দান্ত অভিজ্ঞতা পাওয়া যাবে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। এছাড়া ১ হাজার ২০০ নিট ব্রাইটনেসের কারণে উজ্জ্বল পরিবেশেও ডিসপ্লে দেখতে অসুবিধা হবে না।

গেমিং ও মাল্টিটাস্কিং অভিজ্ঞতা উন্নত করতে ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৪ ন্যানোমিটারের মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ চিপসেট ও মালি-জি৬১৫ এমসি২ জিপিইউ। অপারেটিং সিস্টেমে থাকছে অ্যান্ড্রয়েড ১৫-এর সঙ্গে কাস্টম কালারওএস ১৫। অপোর দাবি, অ্যাপ আগের চেয়ে ৫০ শতাংশ দ্রুত চালু হবে এবং অন্যান্য কার্যক্রম ১৮ শতাংশ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন হবে।

রিয়ার ক্যামেরায় যুক্ত করা হয়েছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) ফিচারযুক্ত ৫০ মেগাপিক্সেলের লেন্স ও ২ মেগাপিক্সেলের মনোক্রম সেন্সর। অন্যদিকে সেলফি ক্যামেরায় থাকছে ১৬ মেগাপিক্সেলের লেন্স।

প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী, ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের (এমএএইচ) ব্যাটারি অনায়াসে পাঁচ বছর পর্যন্ত চলতে পারবে। এটি ৮০ ওয়াটের সুপারভুক ফাস্ট চার্জিং সমর্থন করে। ফোনটি আইপি৬৯, আইপি৬৮ ও আইপি৬৬ রেটিং প্রাপ্ত।

কোয়ার্টজ হোয়াইট, রক ব্ল্যাক, স্যান্ডস্টোন পার্পল ও নিউ ইয়ার রেড এ চারটি রঙে ফোনটি চীনে প্রি-অর্ডার করা যাচ্ছে। ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি রোম ভ্যারিয়েন্টের মধ্য দিয়ে এর দাম শুরু ১ হাজার ৯৯৯ ইউয়ান থেকে।