অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য নতুন ফিচার আনার ঘোষণা দিয়েছে গুগল। নতুন এ ফিচারের নাম থেফট ডিটেকশন লক। এর মাধ্যমে ছিনতাই বা চুরি হওয়া স্মার্টফোনের তথ্য সুরক্ষিত থাকবে। খবর টেকক্রাঞ্চ।
সম্প্রতি গুগল নিজেদের ডেভেলপার কনফারেন্সে নতুন এ ফিচার চালুর ঘোষণা দিয়েছে। বিবৃতিতে গুগল জানায়, বর্তমানে চুরি-ছিনতাইয়ের ঘটনা বাড়ছে। এ কারণে গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় এ ফিচার চালু করা হবে।
প্রাপ্ত তথ্যানুযায়ী, যখন কারো স্মার্টফোন ছিনতাই বা চুরি হবে তখন এআইযুক্ত ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে ডিভাইস লক করে দেবে। কোম্পানি জানায়, যদি গুগল মোশনের পরিবর্তনের মাধ্যমে বুঝতে পারে যে ডিভাইসটি চুরি হয়েছে, তাহলে তাৎক্ষণিকভাবে স্মার্টফোন লক হয়ে যাবে। ফলে চাইলেও আর ডিভাইসে থাকা তথ্য হাতিয়ে নেয়া যাবে না।
গুগল অফলাইন ডিভাইস লক ফিচারও যুক্ত করছে। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যার মাধ্যমে কেউ যদি ইচ্ছাকৃতভাবে ডিভাইসের নেটওয়ার্ক সংযোগ বন্ধ করে দেয়, তাহলেও স্মার্টফোন লক হয়ে যাবে এবং তথ্য সুরক্ষিত থাকবে।
আপডেট হওয়া ফিচারটির কারণে নতুন করে ডিভাইসটি রিসেটও দেয়া যাবে না বলে দাবি গুগলের।










