২০২৪ সালের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) আগের বছরের একই সময়ের তুলনায় ব্যক্তিগত কম্পিউটার (পিসি) বিক্রি বেড়েছে ১ দশমিক ৮ শতাংশ। ডিসেম্বর শেষে এ ডিভাইস বিশ্বব্যাপী বিক্রি হয়েছে ৬ কোটি ৮৯ লাখ। বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) গত বুধবারের প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। সংস্থাটির তথ্যানুযায়ী, বিশ্বে ২০২৪ সালে বছরজুড়ে মোট ২৬ কোটি ২৭ লাখ পিসি বিক্রি করা হয়েছে, যদিও এ সংখ্যা ২০২৩ সালের তুলনায় মাত্র ১ শতাংশই বেশি।

আইডিসি বলছে, তবে ২০২৫ সালের দিকে তাকালে পিসি শিল্পে কিছু ইতিবাচক ও নেতিবাচক পরিস্থিতি সামনে আসবে। ফলে ভবিষ্যতে এ ডিভাইসের চাহিদা কেমন হবে, তা বোঝা বেশ কঠিন।

এ বিষয়ে আইডিসির ওয়ার্ল্ড ওয়াইড মোবাইল ডিভাইস ট্র্যাকারস বিভাগের গবেষণা ম্যানেজার জিতেশ উব্রানি বলেন, ‘যদিও বাজারটি ধীরগতিতে প্রবৃদ্ধির দিকে ফিরে আসছে, তবুও চতুর্থ প্রান্তিকের বিক্রির ফলাফল অনেকটা আশা তৈরি করেছে। বছরের শেষ প্রান্তিকে চীনের বাজার এ প্রবৃদ্ধিতে বিশেষ ভূমিকা রেখেছে।’

তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র ও কিছু ইউরোপীয় দেশেও শেষ তিন মাসে পিসি বিক্রি ঊর্ধ্বমুখী ছিল। কারণ অনেক প্রতিষ্ঠান তাদের হার্ডওয়্যার আপগ্রেডের পাশাপাশি পণ্যের প্রচারণায় বেশি মনোযোগ দিয়েছে।

এদিকে টানা কয়েক প্রান্তিকের মন্দা কাটিয়ে ২০২৪ সালের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি দেখে পিসির বাজার। তবে তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) গিয়ে আবারো বিক্রি কমে যায় ২ দশমিক ৪ শতাংশ (বার্ষিক হিসাবে)। এর আগে দুই বছর টানা সাতটি প্রান্তিকে বিক্রি নিম্নমুখী ছিল পিসির বাজারে। তবে প্রযুক্তিবিষয়ক বাজার গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিসের প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরে শেষ হওয়া প্রান্তিকে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন পারসোনাল কম্পিউটার বা এআই পিসির বিক্রি ২০ শতাংশ বৃদ্ধি পায়। এ সময় এআই পিসির মধ্যে ৫৩ শতাংশ হিস্যা নিয়ে প্রথম অবস্থানে রয়েছে উইন্ডোজ অপারেটিং সিস্টেমচালিত পিসি।

আইডিসির ডিভাইস ও ডিসপ্লে বিভাগের গবেষণা সহসভাপতি লিন হুয়াং বলেন, ‘আমরা আশা করছি, এআই ও এআইচালিত পিসি চলতি দশকের শেষের দিকে খুব সাধারণ একটি বিষয় হয়ে দাঁড়াবে, তবে এটি বৃহৎ পরিমাণে উৎপাদিত পণ্যের বাজারে পৌঁছতে প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগতে পারে।’

বাজার বিশ্লেষকরা বলছেন, ডিভাইস বা গ্যাজেট কেনায় বর্তমানে ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের বাজেট সীমিত। নতুন প্রযুক্তি কীভাবে ব্যবহার করবেন, তা এখনো বুঝে উঠতে পারছেন না ব্যবহারকারীরা। তাই দামি এআইচালিত পিসি বিক্রি করা কঠিন হবে। তবে ভবিষ্যতে পিসিতে এআই থাকা অপরিহার্য হয়ে উঠবে।

পিসি বিক্রি, বাজার হিস্যা ও প্রবৃদ্ধির দিক থেকে গত প্রান্তিকে শীর্ষে থাকা পাঁচটি কোম্পানি হলো লেনোভো, এইচপি, ডেল টেকনোলজিস, অ্যাপল ও আসুস । আইডিসি তাদের প্রতিবেদনে আরো উল্লেখ করেছে, প্রচলিত পিসির মধ্যে ডেস্কটপ, নোটবুক ও ওয়ার্কস্টেশন (প্রযুক্তিগত বা বৈজ্ঞানিক কাজের জন্য ডিজাইন করা) অন্তর্ভুক্ত রয়েছে, তবে এতে ট্যাবলেট অন্তর্ভুক্ত নয়।

এদিকে পারসোনাল কম্পিউটারের সঙ্গে গত বছর প্রবৃদ্ধি দেখেছে গেমিং পিসির বাজারও। আইডিসির তথ্যানুযায়ী, পণ্যের স্টক পুনঃস্থাপনের কারণে ২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) বিশ্বজুড়ে গেমিং পিসি বিক্রি হয়েছে ১ কোটি ৬ লাখ ইউনিট, যা ২০২২ সালের প্রথম প্রান্তিকের পর বিক্রির ইতিবাচক প্রতিবেদন। তাই প্রবৃদ্ধি খুব সামান্য হলেও এ বাজারের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী প্রযুক্তিসংশ্লিষ্টরা।