স্মার্টফোন ব্র্যান্ড এবং গ্লোবাল টেক জায়ান্ট শাওমি দেশের বাজারে নিয়ে এলো বহুল প্রতীক্ষিত নতুন দুটি স্মার্টফোন— শাওমি রেডমি নোট ১৪ প্রো এবং শাওমি রেডমি এ৫। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান ‘সেলিব্রেটিং ঈদ উইথ মি’ আয়োজনের মাধ্যমে শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী নতুন এ স্মার্টফোন দুটি উন্মোচন করেন।

অনুষ্ঠানে তিনি প্রধান বক্তা হিসেবে শাওমির সর্বশেষ উদ্ভাবনগুলো উপস্থাপন করেন এবং শাওমি ফ্যানদের প্রতি কোম্পানির প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।

শাওমির প্রযুক্তিগত উৎকর্ষ ও স্মার্টফোন বাজারে কোম্পানিটির মানদণ্ড নিয়ে আলোচনা করা হয় এ আয়োজনে। এতে শাওমি পরিবারের সদস্য ছাড়াও প্রযুক্তিপ্রেমী, সাংবাদিক ও শাওমি ফ্যানরা উপস্থিত ছিলেন।

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘নতুন দুটি স্মার্টফোন উন্মোচন করতে পেরে আমরা আনন্দিত। ঈদ উপলক্ষে শাওমি ফ্যানদের জন্য এটি বাড়তি মাত্রা যোগ করবে। উন্নত ফিচারসমৃদ্ধ এই ফোন দুটির মাধ্যমে ব্যবহারকারীরা আরও ভালোভাবে তাদের আনন্দময় মুহূর্ত ধারণ ও উপভোগ করতে পারবেন।’

শাওমি রেডমি নোট ১৪ প্রো স্মার্টফোনটিতে ২০০ মেগাপিক্সেল এআই ক্যামেরা রয়েছে, যা উন্নত ফটোগ্রাফির অভিজ্ঞতা দেবে। সেলফির জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সংযোজিত হয়েছে।

৬.৬৭-ইঞ্চির অ্যামোলেড কার্ভড ডিসপ্লে এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট থাকায় ব্যবহারকারীদের জন্য উন্নত ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিশ্চিত করবে ফোনটি।

ডিভাইসটিতে মিডিয়াটেক হেলিও জি-১০০ আল্ট্রা চিপসেট ব্যবহৃত হয়েছে, যা মাল্টিটাস্কিং ও গেমিংয়ে উন্নত পারফরম্যান্স দেবে। ৫৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াট টার্বো চার্জিং প্রযুক্তির ফলে মাত্র ৭২ মিনিটে পুরোপুরি চার্জ করা সম্ভব হবে।

ফোনটিতে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ২ এবং আইপি৬৪ রেটিং রয়েছে, যা স্ক্র্যাচ, ধুলাবালি ও পানির ছিটেফোঁটা থেকে সুরক্ষা দেবে। এটি মিডনাইট ব্ল্যাক, ওশ্যান ব্লু ও অরোরা পার্পল রঙে বাজারে এসেছে।

শাওমি রেডমি এ৫ মূলত সাশ্রয়ী দামে নির্ভরযোগ্য পারফরম্যান্স ও দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ নিশ্চিত করবে। ফোনটিতে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ রয়েছে, যা উন্নত মানের ছবি তুলতে সক্ষম। ৬.৮৮-ইঞ্চি এইচডি+ ডিসপ্লে এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট থাকায় স্ক্রলিং ও ভিডিও দেখার অভিজ্ঞতা হবে আরও মসৃণ। প্রসেসর হিসেবে এতে ইউনিসক টি৭২৫০ চিপসেট ব্যবহার করা হয়েছে।

৫২০০ এমএএইচ ব্যাটারি সমৃদ্ধ এ স্মার্টফোনটি ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে। এটি মিডনাইট ব্ল্যাক, স্যান্ডি গোল্ড, লেক গ্রিন ও ওশ্যান ব্লু রঙে পাওয়া যাবে।

শাওমি রেডমি নোট ১৪ প্রো (৮জিবি+২৫৬জিবি) মডেলের মূল্য ২৯,৯৯৯ টাকা এবং রেডমি এ৫ (৪জিবি+৬৪জিবি) মডেলের মূল্য ১০,৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। স্মার্টফোন দুটি দেশজুড়ে শাওমির অনুমোদিত স্টোর থেকে কেনা যাবে। - বিজ্ঞপ্তি