২০২৪ সালের ডিসেম্বর প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা ইন্টেল। গত বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে কোম্পানির চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) আয় বিশ্লেষকদের পূর্বানুমানের তুলনায় বেশি ছিল। একই সময় হাই-পারফরম্যান্স কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) কাজের জন্য ডিজাইন করা ইন্টেলের পরবর্তী প্রজন্মের জিপিউ ‘ফ্যালকন শোরস’ বাজারে আনার পরিকল্পনা বাতিলের ঘোষণা করেছে কোম্পানিটি। খবর টেকক্রাঞ্চ।
ইন্টেলের সহ-অন্তর্বর্তীকালীন সিইও মিশেল জনস্টন হলথাউস জানান, প্রতিষ্ঠানটি তাদের আসন্ন ফ্যালকন শোরস নামক গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) প্রকল্প স্থগিত করেছে। এটি চলতি বছর উন্মোচনের কথা ছিল। এ সিদ্ধান্তের ফলে ইন্টেলের কাছে এআই গ্রাহকদের জন্য কোনো বড় নতুন পণ্য থাকছে না। পরিবর্তে প্রতিষ্ঠানটি ফ্যালকন শোরসকে একটি অভ্যন্তরীণ টেস্ট চিপ হিসেবে ব্যবহার করতে ও ভবিষ্যতে ডাটা সেন্টারের জন্য এআই পণ্য উন্নয়নে মনোনিবেশ করার পরিকল্পনা করেছে।
তিনি বলেন, ‘আমরা ফ্যালকন শোরসকে একটি অভ্যন্তরীণ টেস্ট চিপ হিসেবে ব্যবহার করব ও এটি বাজারে আনার পরিকল্পনা নেই।’
এদিকে চলতি প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) জন্য ইন্টেলের আয়ের পূর্বাভাস বাজার বিশ্লেষকদের প্রত্যাশার তুলনায় কম। এর কারণ হলো কোম্পানির ডাটা সেন্টার চিপের দুর্বল চাহিদা এবং নতুন সিইও কে হবে, তা নিয়ে বিনিয়োগকারীদের অপেক্ষা।
ইন্টেলের ত্রৈমাসিক ফলাফল ও ভবিষ্যৎ পূর্বাভাসের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে কোম্পানির দীর্ঘমেয়াদি কৌশল ও নতুন সিইও নিয়োগের প্রশ্ন। গত মাসে পদত্যাগ করা সাবেক সিইও প্যাট গেলসিঞ্জারের জায়গায় বর্তমানে দুজন অন্তর্বর্তীকালীন সহ-সিইও কোম্পানিটি পরিচালনা করছেন। এক সময়ের যুক্তরাষ্ট্রের শীর্ষ চিপ নির্মাতা ইন্টেল এখন প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তাল মিলিয়ে চলতে হিমশিম খাচ্ছে, বিশেষ করে এআই চিপ নির্মাতা এনভিডিয়ার সঙ্গে।
প্রযুক্তিসংশ্লিষ্টরা বলছেন, ইন্টেল একটি ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং সবচেয়ে কঠিন সময় থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। একই সময়ে, প্রতিষ্ঠানটি উন্নত এআই চিপের বাজারে বিনিয়োগ ও চাহিদার সুযোগ পুরোপুরি কাজে লাগাতে ব্যর্থ হয়েছে, যা বর্তমানে একটি দ্রুতবর্ধনশীল খাত। ইন্টেল আরো জানিয়েছে, কোম্পানিটি চলতি বছর মার্চে শেষ হওয়া প্রান্তিকে ১ হাজার ২৭০ কোটি ডলার পর্যন্ত আয়ের প্রত্যাশা করছে।










