প্রযুক্তির কিছু উদ্ভাবন সফল হতে অনেক সময় নেয়। ১৩ বছর আগে গুগল প্রথমবারের মতো বাজারে আনে স্মার্ট চশমা, যা তেমন জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। গত সপ্তাহে নতুন স্মার্ট চশমা উপস্থাপন করেছে মেটা। এতে আছে উন্নত এআই প্রযুক্তি ও বিল্টইন ডিসপ্লে।
প্রথম প্রচেষ্টায় সফলতার দেখা না পেলেও প্রতিযোগিতা থেকে সরে যায়নি গুগল। এতে মেটা, শাওমির পাশাপাশি যুক্ত হচ্ছে অ্যাপল ও স্যামসাংয়ের মতো টেক জায়ান্টগুলোও। নতুন নতুন ফিচার উদ্ভাবনে বিনিয়োগ বাড়াচ্ছে প্রতিষ্ঠানগুলো। বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় স্মার্টফোন ও স্মার্ট ঘড়ির পর স্মার্ট চশমা উদ্ভাবনও এখন প্রযুক্তি খাতে প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে চলে আসছে বলে অভিমত বিশেষজ্ঞদের।
ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ডিসপ্লেযুক্ত মেটার রে-ব্যান স্মার্ট চশমার উন্মোচন প্রযুক্তি দুনিয়ায় নতুন দৌড়ের সূচনা করেছে। এদিকে চশমা ব্র্যান্ড ওয়ারবি পার্কারের সঙ্গে অংশীদারত্ব করে আগামী বছর স্মার্ট চশমা উন্মোচনের পরিকল্পনা করছে গুগলও। পাশাপাশি স্ন্যাপ ২০২৬ সালে একটি অনুরূপ ডিভাইস বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে এবং অ্যাপলও নিজস্ব হালকা হেডসেট নিয়ে কাজ করছে বলে খবর এসেছে।
আন্তর্জাতিক গবেষণা সংস্থা আইডিসির প্রতিবেদনে বলা হয়েছে, মেটার নতুন রে-ব্যান স্মার্ট চশমা উন্মোচনের পর বিশ্বজুড়ে ডিভাইসটি নিয়ে উন্মাদনা দেখা দিয়েছে। সংস্থাটির পূর্বাভাস বলছে, চলতি বছরের শেষে এআই/ভিআর হেডসেট এবং স্মার্ট চশমার বিক্রি বিশ্বব্যাপী প্রায় ৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। বাজারের এ প্রবৃদ্ধির মূল চালক মেটার রে-ব্যান স্মার্ট চশমা।
নতুন পণ্য উন্মোচন ও বিভিন্ন কোম্পানির এআই-ভিত্তিক ডিভাইস বাজারে আনার প্রতিযোগিতার কারণে বিভাগটির বিক্রি আগামী এক বছরে ২৪৭ দশমিক ৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
বিশেষজ্ঞদের মতে, হালকা ওজনের স্মার্ট চশমা এবং মিক্সড রিয়েলিটিতে শক্ত অবস্থান ধরে রাখা মেটার সফলতার মূল কারণ। মেটার পর শীর্ষে রয়েছে চীনের শাওমি।
আইডিসির ওয়ার্ল্ডওয়াইড মোবাইল ডিভাইস ট্র্যাকারসের রিসার্চ ম্যানেজার জিতেশ উব্রানি বলেন, ‘গ্রাহকরা সম্প্রতি প্রথমবারের মতো এআই-ভিত্তিক চশমার সঙ্গে পরিচিত হয়েছেন। গত কয়েক প্রান্তিকে কিছু কোম্পানি এআই চশমার সঙ্গে ডিসপ্লে যুক্ত করতে শুরু করেছে, ফলে চশমাগুলো নতুনভাবে ব্যবহার করা সম্ভব হচ্ছে।’
উব্রানি আরো বলেন, ‘পণ্যে কেনা ও ব্যবহার সহজ হওয়ায় শিগগিরই এআই চশমার ব্যবহারও শুধু গেমিংয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ভবিষ্যতে এগুলো আরো বেশি পরিমাণে সাধারণ গ্রাহকদের কাছে পৌঁছবে।’
এফটির প্রতিবেদনে বলা হয়েছে, বছরের পর বছর চোখে পড়ার মতো কিন্তু বাস্তবসম্মত নয় এমন অগমেন্টেড রিয়েলিটি (এআই) হেডসেটের পর এখন স্মার্ট চশমা নামে একটি নতুন ও বাস্তবে ব্যবহারযোগ্য পণ্য বিভাগ ধীরে ধীরে গড়ে উঠছে।
এদিকে দ্য ভার্জের প্রতিবেদন বলছে, আগামী বছরই অ্যাপল তাদের প্রথম স্মার্ট গ্লাস বাজারে আনতে চলেছে। চশমাটিতে ক্যামেরা, মাইক্রোফোন ও স্পিকার থাকবে, যা বাইরের পরিবেশ বিশ্লেষণ ও সিরি ভয়েস অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে ব্যবহারকারীর নির্দেশ গ্রহণ করতে সাহায্য করবে। অ্যাপলের স্মার্ট গ্লাসের সাহায্যে ফোন কল করা, গান চালানো বা বন্ধ করা, রিয়েল টাইম বা লাইভ অনুবাদ করা ও দিকনির্দেশনা দেয়ার মতো কাজগুলো করা যাবে।
বাজার গবেষণাপ্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট বলছে, বিশ্বব্যাপী স্মার্ট গ্লাসের বিক্রি গত বছর বেড়েছে ২১০ শতাংশ। এ প্রবৃদ্ধির মূল চালক রে-ব্যান মেটা স্মার্ট গ্লাসের উচ্চ চাহিদা।










