ইলোন মাস্কের চ্যাটবট গ্রোক ব্যবহারকারীদের হাজার হাজার ব্যক্তিগত আলাপ এখন গুগল সার্চে সহজেই দেখা যাচ্ছে। স্থানীয় গণমাধ্যম ফোর্বস জানিয়েছে, যখন কোনো ব্যবহারকারী গ্রোকের ‘শেয়ার’ বাটনে ক্লিক করেন, তখন একটি বিশেষ লিংক তৈরি হয়। ব্যবহারকারীরা এই লিংক ই-মেইল, বার্তা বা সামাজিক মাধ্যমে শেয়ার করতে পারেন। খবর টেকক্রাঞ্চ।
ফোর্বস জানিয়েছে, এই লিংকগুলো গুগল, বিং ও ডাকডাকগোর মতো সার্চ ইঞ্জিনে ইনডেক্স হওয়ার কারণে যে কেউ অনলাইনে এই চ্যাটগুলো খুঁজে দেখতে পারছে। এর আগে, মেটা ও ওপেনএআইইয়ের চ্যাটবট ব্যবহারকারীদের ক্ষেত্রেও এমন ঘটনা ঘটেছে।
গ্রোকের চ্যাটগুলোতে দেখা গেছে, ব্যবহারকারীদের ঝুঁকিপূর্ণ ও অশালীন আগ্রহের বিষয়। এর মধ্যে রয়েছে ক্রিপ্টো ওয়ালেট হ্যাক করা, কৃত্রিম বুদ্ধিমত্তার চরিত্রের সঙ্গে আপত্তিকর আলাপ ও মেথ তৈরির নির্দেশ চাওয়া। গ্রোকের নীতিমালা অনুযায়ী, ব্যবহারকারীদের জীবন ক্ষতি করার বা বিপজ্জনক কার্যক্রমে সহায়তা দেয় এমন কোনো বিষয়ে তথ্য দেয়া নিষিদ্ধ। তবু অনেক ব্যবহারকারীই চ্যাটবটের কাছে এই ধরনের তথ্য চেয়েছেন।
যদিও এ বিষয়ে গ্রোকের নির্মাতা প্রতিষ্ঠান এক্সএআই এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। তবে ফোর্বস বলছে, কখন থেকে সার্চ ইঞ্জিনে এই চ্যাটগুলো ইনডেক্স হতে শুরু করেছে তা এক্সএআই জানতে চেয়েছে।
প্রসঙ্গত, গত মাসে ওপেনএআইইয়ের চ্যাটবট ব্যবহারকারীরাও অভিযোগ করেছিলেন যে তাদের আলাপ গুগলে দেখা যাচ্ছে। তখন ওপেনএআই এটিকে একটি পরীক্ষামূলক উদ্যোগ হিসেবে উল্লেখ করেছিল। এদিকে, ইলোন মাস্ক গ্রোকের কার্যক্রম সম্পর্কে বলেছেন, এতে কোনো শেয়ার ফিচার নেই। আর তারা ব্যবহারকারীর গোপনীয়তাকে সর্বোচ্চ গুরুত্ব দেন।










