হঠাৎ করে হোয়াটসঅ্যাপ চ্যাট বা মিডিয়া হারানো সব সময়ই বিরক্তিকর। তবে ব্যবহারকারী যদি অ্যাপটি গুগল অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত রাখেন তাহলে তাদের তথ্য নিরাপদ রাখা সম্ভব। ড্রাইভে সংযোগ করা থাকলে হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে চ্যাট হিস্ট্রি, ছবি ও ভিডিও গুগল ড্রাইভে সংরক্ষণ করে। ফলে ফোন হারানো বা চ্যাট ডিলিট হয়ে গেলেও তথ্য পুনরুদ্ধার করা সম্ভব।
ব্যাকআপ দৈনিক, সাপ্তাহিক, মাসিক বা ম্যানুয়ালি নেয়ার অপশন থাকে। প্রতিবার নতুন ব্যাকআপ নেয়া হলে পুরনো ব্যাকআপ স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। একই অ্যাকাউন্টে একাধিক পুরনো ব্যাকআপ রাখা সম্ভব নয়। এছাড়া পাঁচ মাস ধরে আপডেট না হওয়া ব্যাকআপ গুগল ড্রাইভ মুছে দিতে পারে। হোয়াটসঅ্যাপের ব্যাকআপ এনক্রিপ্টেড থাকে, তাই ব্যবহারকারীরা সরাসরি মেসেজ বা নির্দিষ্ট ফাইল দেখতে বা পুনরুদ্ধার করতে পারেন না। তারা কেবল পুরো ব্যাকআপ পুনরুদ্ধার, মুছে ফেলা বা ভবিষ্যতের ব্যাকআপ বন্ধ করার অপশন পেয়ে থাকেন। গুগল ড্রাইভের পাশাপাশি, হোয়াটসঅ্যাপ প্রতিদিন ফোন বা এসডি কার্ডে লোকাল ব্যাকআপও তৈরি করে।
পিসিতে হোয়াটসঅ্যাপ ব্যাকআপ খুঁজতে drive.google.com-এ লগইন করে স্টোরেজ> ব্যাকআপসে যেতে হবে। এখানে ব্যাকআপের সর্বশেষ আপডেট তারিখ দেখা যাবে। ব্যবহারকারীরা চাইলে এটি মুছে ফেলা, ভবিষ্যতের ব্যাকআপ বন্ধ করা বা ম্যানেজ অ্যাপসে গুগল ড্রাইভ থেকে হোয়াটসঅ্যাপ বিচ্ছিন্ন করতে পারবে। মোবাইলেও গুগল ড্রাইভ অ্যাপ ‘ব্যাকআপস’ অংশে ব্যাকআপ দেখা যায়, যেখানে মুছে ফেলা বা বন্ধ করার অপশন থাকে।
কখনো কখনো ব্যাকআপ দেখা নাও যেতে পারে। যেমন ভুল অ্যাকাউন্টে লগইন করা, ভিন্ন ফোন নম্বর ব্যবহার করা, পর্যাপ্ত স্টোরেজ না থাকা বা দুর্বল ইন্টারনেট সংযোগ থাকলে। ভবিষ্যতের ব্যাকআপ বন্ধ করতে হোয়াটসঅ্যাপ সেটিংসে গিয়ে চ্যাটস>চ্যাট ব্যাকআপ>অটোমটিক ব্যাকআপস এ গিয়ে ‘অফ’ নির্বাচন করতে হবে। পুরনো ব্যাকআপ পুনরুদ্ধার করতে ফাইলের নাম পরিবর্তন করে ও হোয়াটসঅ্যাপ আবার ইনস্টল করে সেটি নির্বাচন করতে হয়।
যারা অনেক ছবি ও ভিডিও পাঠান বা পান, তাদের জন্য গুগল ড্রাইভের স্টোরেজ ম্যানেজ করা গুরুত্বপূর্ণ। অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলা, শুধু ছবি ব্যাকআপ করা এবং স্টোরেজ পর্যবেক্ষণ করলে স্পেস সমস্যা এড়ানো যায়। হোয়াটসঅ্যাপ এন্ড-টু-এন্ড এনক্রিপশনও অফার করে, যা পুনরুদ্ধারের জন্য পাসওয়ার্ড বা ৬৪-অক্ষরের এনক্রিপশন কী প্রয়োজন। -গিজচায়না অবলম্বনে










