ইন্টারনেট হঠাৎ ধীরগতি হয়ে গেলে বা নেটওয়ার্কে অপরিচিত ডিভাইস যুক্ত হলে বুঝতে হবে এটি কোনো সাধারণ সমস্যা নয়। বরং হতে পারে অপরিচিত কেউ আপনার ব্যক্তিগত রাউটার থেকে ওয়াই-ফাইয়ের সংযোগ ব্যবহার করছে। রাউটার হ্যাক হলে ব্যক্তিগত তথ্য ঝুঁকিতে পড়ার সম্ভাবনা থাকে। একই সঙ্গে সাইবার আক্রমণের আশঙ্কাও বাড়ে। তাই দেরি না করে এ ধরনের পরিস্থিতি ঠেকাতে কিছু লক্ষণ চিহ্নিত করা জরুরি। নেটওয়ার্ক অনুপ্রবেশ চিহ্নিত করার উপায়—

 রাউটারের বাতি পরীক্ষা করা

সব ডিভাইস বন্ধ রেখে রাউটারের ওয়াই-ফাইয়ের লাইট পর্যবেক্ষণ করতে হবে। যদি এটি বন্ধ না হয়, তবে অপরিচিত কোনো ডিভাইস সংযোগ করা হয়ে থাকতে পারে।

 রাউটারে লগইন করতে না পারলে সতর্ক হওয়া

পাসওয়ার্ড হঠাৎ পরিবর্তন হয়ে গেলে বুঝতে হবে কেউ সেটি হ্যাক করেছে। হ্যাকাররা প্রবেশ করলে নিরাপত্তা সেটিংস পরিবর্তন ও ফায়ারওয়াল বন্ধ করে দিতে পারে।

 ইন্টারনেটের স্পিড নিয়ে সচেতনতা

নেটওয়ার্ক দুর্বল হলে বা সংযোগ হঠাৎ বিচ্ছিন্ন হলে বুঝতে হবে অপরিচিত কেউ ব্যান্ডউইথ ব্যবহার করছে। অননুমোদিত ব্যবহারকারীরা ব্যান্ডউইথ ব্যবহার করলে ইন্টারনেটের গতি কমে যায়, বাফারিং হয় ও সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ সমস্যা এড়াতে ওয়াই-ফাই নেটওয়ার্কের এসএসআইডি (নেটওয়ার্কের নাম) পরিবর্তন করতে হবে। ডিফল্ট নামের পরিবর্তে অন্য যেকোনো নাম ব্যবহার করা যেতে পারে।

 ওয়েবসাইটে রিডিরেক্ট হওয়া

যদি ব্রাউজার ইচ্ছামতো অপরিচিত কোনো সাইটে নিয়ে যায়, তবে বুঝতে হবে রাউটারের ডিএনএস সেটিংস পরিবর্তন করা হয়েছে, যা ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে।

 স্মার্ট ডিভাইসের অস্বাভাবিক আচরণ করা

যদি স্মার্ট ডিভাইসগুলো স্বয়ংক্রিয়ভাবে চালু বা বন্ধ হয়ে যায়, তাহলে বুঝতে হবে কেউ দূর থেকে সেগুলো নিয়ন্ত্রণ করছে।

 নেটওয়ার্ক স্ক্যানিং অ্যাপের ব্যবহার

বাড়তি নিরাপত্তায় ওয়াই-ফাই স্ক্যানিং অ্যাপ ব্যবহার করে নেটওয়ার্কে সংযুক্ত সব ডিভাইস চিহ্নিত করা যেতে পারে। এক্ষেত্রে সন্দেহজনক কিছু পেলে অবশ্যই ব্যবস্থা নিতে হবে।

 রাউটারের লগ পরীক্ষা

সাম্প্রতিক লগ বিশ্লেষণ করে নতুন বা অপরিচিত আইপি ও ম্যাক ঠিকানা পরীক্ষা করতে হবে। এটি বাইরের অনুপ্রবেশকারীর উপস্থিতি শনাক্ত করতে সাহায্য করবে।

 আইএসপি থেকে অস্বাভাবিক নেটওয়ার্ক কার্যক্রমের বার্তা

ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যদি সন্দেহজনক ট্রাফিক শনাক্ত করে সতর্কবার্তা পাঠায়, তবে দ্রুত ব্যবস্থা নিতে হবে। তবে কোনো সন্দেহজনক লিংকে ক্লিক করা যাবে না।

 পুরনো রাউটার পরিবর্তন

অনেকেই বছরের পর বছর পুরনো রাউটার ব্যবহার করেন, যা নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হতে পারে। পাঁচ বছরের বেশি পুরনো রাউটার হলে সেটি পরিবর্তন করাই ভালো।

অ্যান্ড্রয়েড পুলিশ অবলম্বনে