দুই বছর আগে ২০২২ সালে সাইবারওয়ান নামে নিজেদের প্রথম হিউম্যানয়েড রোবট উন্মোচন করে শাওমি। এবার কারখানার উৎপাদন কার্যক্রমে নিজস্ব সাইবারওয়ান রোবট ব্যবহারের উদ্যোগ নিয়েছে চীনের প্রযুক্তি কোম্পানিটি। খবর গিজমোচায়না।

কোম্পানিটি জানায়, তাদের রোবটটি শাওমির কারখানায় উৎপাদন প্রক্রিয়ার কাজ করার জন্য প্রস্তুত। প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে ওপেন সোর্স প্লাটফর্ম তৈরি করতে চায় শাওমি। কোম্পানিটির রোবোটিক্স বিভাগটি প্রযুক্তির বিকাশ অব্যাহত রেখেছে।  

আরেক বিবৃতিতে শাওমি জানায়, সাইবারওয়ানের উন্নত সংস্করণটি কোম্পানির উৎপাদন প্রক্রিয়ায় আরো অবদান রাখতে সক্ষম হবে। এছাড়া সাইবারওয়ান হিউম্যানয়েড রোবটকে অন্যান্য শিল্প খাতে ব্যবহারের কথাও ভাবছে চীনের কোম্পানিটি। এর মধ্যে রয়েছে ইলেকট্রনিকস, যন্ত্রপাতি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমোবাইল সেক্টর। 

সাইবারওয়ান উন্নত প্রযুক্তির ক্ষমতাসম্পন্ন একটি দ্বিপদী রোবট। এটি দুই পায়ে ভারসাম্য রক্ষা করে দ্রুত দৌড়াতে পারে। এছাড়া রোবটটি মানুষের আবেগ শনাক্তের পাশাপাশি বাস্তব দুনিয়ার মতো একটি থ্রিডি ভার্চুয়াল জগৎ তৈরি করতে সক্ষম।

সাইবারওয়ান রোবটটি লম্বায় ১৭৭ সেন্টিমিটার এবং এর আর্ম স্প্যান ১৬৮ সেন্টিমিটার। এর মোট ওজন ৫২ কেজি এবং রিয়েল টাইমে প্রতিক্রিয়া জানাতে মাত্র দশমিক ৫ মিলি সেকেন্ড সময় লাগে। এটি শাওমির বাইপিডাল কন্ট্রোল অ্যালগরিদম ব্যবহার করে স্বাভাবিক মানুষের মতো চলাচল করতে পারে।

শাওমির প্রতিষ্ঠাতা ও সিইও লেই জুন বলেন, ‘‌সাইবারওয়ান রোবটটি শাওমির ভবিষ্যতের প্রযুক্তি ইকোসিস্টেমের সম্ভাবনার খোঁজ করছে। এআই ও সম্পূর্ণ হিউম্যানয়েডের সমন্বয়ে এটি আমাদের নতুন যুগান্তকারী উদ্ভাবনের প্রতীক।’