ভারতের নয়াদিল্লিতে অফিস চালু করতে যাচ্ছে ওপেনএআই। চলতি বছরের শেষ দিকে দাপ্তরিক কার্যক্রম পুরোপুরি চালু হবে বলে জানিয়েছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠানটি। খবর দ্য হিন্দু।
এআই গবেষণা সংস্থাটি বলছে, বিশ্বের অন্যতম বড় বাজার ভারতকে কেন্দ্র করে কার্যক্রম আরো জোরদার করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। আনুষ্ঠানিকভাবে স্থানীয় কর্মী নিয়োগও শুরু হয়েছে। নতুন এ দল ভারতের সরকার, ব্যবসাপ্রতিষ্ঠান, ডেভেলপার, শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য অংশীদারের সঙ্গে সম্পর্ক আরো মজবুত করতে কাজ করবে।
ওপেনএআইয়ের প্রধান নির্বাহী (সিইও) স্যাম অল্টম্যান বলছেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে ভারতে যে উদ্দীপনা ও সম্ভাবনা রয়েছে তা সত্যিই অবিশ্বাস্য। দক্ষ প্রযুক্তিবিদ, বিশ্বমানের ডেভেলপার ইকোসিস্টেম এবং সরকারের সক্রিয় সহায়তা মিলিয়ে ভারত ভবিষ্যতে সহজেই এআই ক্ষেত্রে নেতৃত্ব দিতে পারবে।
ভারতের তথ্যপ্রযুক্তি ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ‘দেশে ওপেনএআইয়ের উপস্থিতি আমাদের ডিজিটাল উদ্ভাবন ও এআই প্রযুক্তি গ্রহণে এখানকার নেতৃত্বের ক্রমবর্ধমান অঙ্গীকারের প্রতিফলন। দেশটি এখন কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর পরবর্তী বড় রূপান্তরকে নেতৃত্ব দেয়ার মতো অবস্থানে পৌঁছেছে।’










