বহুল প্রতিক্ষীত গ্যালাক্সি এস২৫ সিরিজের স্মার্টফোন উন্মোচন করেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। বুধবার কোম্পানির ‘আনপ্যাকড’ ইভেন্টে নতুন সিরিজের সঙ্গে গ্যালাক্সি এস২৫ ‘এজ’ নামে একটি পাতলা ডিভাইসও সামনে আনা হয়। তবে এ আয়োজনে সবচেয়ে বড় ঘোষণা ছিল ট্রাই-ফোল্ড স্মার্টফোন। খবর গিজমোচায়না।
গত সপ্তাহে দেশটির এক ট্রিপস্টার জানান, হুয়াওয়ের পর নিজেদের প্রথম ট্রাই-ফোল্ড স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে স্যামসাং। এ বছরের তৃতীয় প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর) ডিভাইসটি উন্মোচন হতে পারে।
স্যামসাং সাধারণত বছরের তৃতীয় প্রান্তিকে ফোল্ডেবল ফোনগুলো প্রকাশ করে। তাই প্রযুক্তিবিদরা ধারণা করছেন, তিন স্ত্রিনের নতুন স্মার্টফোনটি আসন্ন গ্যালাক্সি জেড ফোল্ড সেভেন ও জেড ফ্লিপ সেভেনের সঙ্গে আত্মপ্রকাশ করতে যাচ্ছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, স্যামসাংয়ের ট্রাই-ফোল্ডটি খুললে ৯ দশমিক ৯ থেকে ১০ ইঞ্চির একটি স্ত্রিন পাওয়া যাবে। ট্রিপস্টার বলছেন, এর বিশেষত্ব হলো এমন প্রযুক্তি, যা ভাঁজ অবস্থায় পর্দা সুরক্ষিত রাখবে। এটি হুয়াওয়ের মেট এক্সটিতে নেই বলে দাবি তার। তবে তিনি স্যামসাংয়ের তিন ভাঁজের ফোনের ওজন ও মোটা আকার নিয়ে কিছুটা উদ্বেগ প্রকাশ করেছেন। এর আগে ফোল্ডেবল ফোন পাতলা করার জন্য বেশ চেষ্টা করেছে স্যামসাং, পরে অবশ্য গ্যালাক্সি জেড ফোল্ড স্পেশাল এডিশনে এ প্রচেষ্টা কিছুটা বাস্তব হয়েছে। এ সংস্করণ শুধু দক্ষিণ কোরিয়ার জন্য উন্মোচন করা হয়।
তবে এ স্মার্টফোনে সিলিকন কার্বন ব্যাটারি (এসআইসি) ব্যবহারের কোনো তথ্য দেয়া হয়নি। তাই ধারণা করা হচ্ছে, হুয়াওয়ের ট্রাই-ফোল্ডের মতো এতে উচ্চ সক্ষমতা ধরে রেখে পাতলা ব্যাটারি দেয়া বেশ কঠিন হবে। ডিভাইসটির উৎপাদন শুরু হবে বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন)। প্রাথমিকভাবে স্যামসাং ডিভাইসটির দুই লাখ ইউনিট বিক্রির জন্য বাজারে ছাড়বে।
২০২৫ সালে মোট চারটি ফোল্ডেবল স্মার্টফোন প্রকাশের প্রত্যাশা করছে টেক জায়ান্টটি। তিন ভাঁজের ফোন ছাড়াও বাজেট-ফ্রেন্ডলি গ্যালাক্সি জেড ফ্লিপ এফই এ তালিকায় যোগ দেবে।
ফোল্ড সেভেনে ডিভাইসটি আরো পাতলা করতে এস পেন ব্যবহারের জন্য থাকা ডিজিটাইজার সরিয়ে দেয়া হতে পারে।










