গুগল প্লে স্টোর থেকে প্রায় সময়ই নতুন কোনো অ্যাপ ডাউনলোড বা ইনস্টল করা হয়। কিন্তু পরে সেটি আর চালু করা হয় না। এ সমস্যা সমাধানে ওপেন অ্যাপ রিমাইন্ডারস নামে নতুন একটি ফিচার চালু করতে যাচ্ছে গুগল প্লে স্টোর। খবর গিজচায়না।
প্লে স্টোরের হালনাগাদ অ্যাপ পর্যালোচনার সময় ডেভেলপাররা নতুন এ ফিচারটি সম্পর্কে জানতে পারেন। ওপেন অ্যাপ রিমাইন্ডারস ফিচারটির উদ্দেশ্য হলো ব্যবহারকারীদের ভুলে যাওয়া ডাউনলোড করা অ্যাপের কথা মনে করিয়ে দেয়া।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারী যদি কোনো অ্যাপ ডাউনলোড করেন কিন্তু নির্ধারিত সময়সীমার মধ্যে না খোলে তাহলে প্লে স্টোর একটি রিমাইন্ডার নোটিফিকেশন পাঠাবে। এ সময়সীমা ২৪ ঘণ্টা হতে পারে। নোটিফিকেশনটি ব্যবহারকারীকে মনে করিয়ে দেবে যে আপনার অ্যাপ্লিকেশন ডাউনলোড সম্পূর্ণ হয়েছে ও সেটা ব্যবহারের জন্য প্রস্তুত। অ্যাপটি না খুলে প্রথম রিমাইন্ডারটি প্রত্যাখ্যান করলে প্লে স্টোর দ্বিতীয়বার রিমাইন্ডার নোটিফিকেশন পাঠাবে। তবে প্রতি অ্যাপে সর্বাধিক দুবার রিমাইন্ডার দেয়া হবে।
ফিচারটি এমন ব্যবহারকারীদের উপকার করতে পারে যারা ওয়াই-ফাই সংযোগ থাকা অবস্থায় অ্যাপ ডাউনলোড করে পরে ওপেন করতে ভুলে যায়। প্লে স্টোর অ্যাপের ওপেন অ্যাপ রিমাইন্ডারস ব্যবহারকারীদের নতুন অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পাশাপাশি স্টোরেজ খালি করতেও সহায়তা করবে। ব্যবহারকারীর প্রতিক্রিয়ার ভিত্তিতে ভবিষ্যতে এ ফিচারে আরো পরিবর্তন আনা হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।










