সেমিকন্ডাক্টর শিল্পে সুপরিচিত কোম্পানি কোয়ালকম সম্প্রতি তাদের স্ন্যাপড্রাগন এক্স সিরিজের নতুন চিপসেট উন্মোচন করেছে। স্ন্যাপড্রাগন এক্স প্লাস নামের প্রসেসরটি এআরএমভিত্তিক উইন্ডোজ ল্যাপটপকে আরো সাশ্রয়ী করার জন্য ডিজাইন করা হয়েছে, যার দাম হবে ৭০০-৯০০ (৮০ হাজার টাকার বেশি) ডলার। এ পদক্ষেপের লক্ষ্য উচ্চ কার্যক্ষমতাসম্পন্ন উইন্ডোজ ল্যাপটপকে আরো সহজলভ্য করা। খবর গিজচায়না।
কোয়ালকম বলছে, নতুন সিরিজটি কম খরচে ভালো পারফরম্যান্স সরবরাহের জন্য তৈরি করা হয়েছে, যেন উন্নত প্রযুক্তি আরো বিস্তৃত গ্রাহকদের কাছে সহজে পৌঁছতে পারে। এ প্রসেসরগুলো তাদের প্রিমিয়াম মডেলের তুলনায় বেশ সাশ্রয়ী হবে। এক্ষেত্রে কোম্পানিটি উন্নত বৈশিষ্ট্য, যেমন আরো ভালো পারফরম্যান্স, সংযোগ ও ব্যাটারি দক্ষতা বৃদ্ধির দিকে লক্ষ্য রাখছে। প্রযুক্তিসংশ্লিষ্টরা বলছেন, নতুন এ চিপসেট আরো বেশি মানুষকে উন্নত প্রযুক্তির সুবিধা নিতে সাহায্য করবে, যা আগে শুধু দামি ডিভাইসে পাওয়া যেত। ফলে প্রযুক্তির পরিসর বৃদ্ধি পাবে বলে ধারণা করছেন তারা।
স্ন্যাপড্রাগন এক্স প্লাস হলো কোয়ালকমের একটি উচ্চ কার্যক্ষম এআরএমভিত্তিক প্রসেসর। এআরএম প্রসেসরগুলো তাদের দক্ষতা ও ব্যাটারির দীর্ঘস্থায়িত্বের জন্য পরিচিত। প্রযুক্তিসংশ্লিষ্টরা বলছেন, ‘প্লাস’ শব্দটি ইঙ্গিত করে যে এটি আরো ভালো কর্মক্ষমতার সঙ্গে একটি উন্নত সংস্করণ নিয়ে এসেছে। কোয়ালকম বলেছে, নতুন স্ন্যাপড্রাগন এক্স সিরিজ ৭০০-৯০০ ডলারের ল্যাপটপ উৎপাদনে নির্মাতাদের সহায়তার জন্য ডিজাইন করা হয়েছে। এর লক্ষ্য হলো, উচ্চ কার্যক্ষমতাসম্পন্ন কম্পিউটিংকে আরো বিস্তৃত মানুষের কাছে সহজ করে তোলা। প্রযুক্তিসংশ্লিষ্টরা বলছেন, উচ্চ কার্যক্ষম ল্যাপটপের ক্ষেত্রে ৭০০ ডলার তুলনামূলকভাবে সাশ্রয়ী মূল্য ধরা হয়, বিশেষ করে এমন একটি নতুন প্রযুক্তির জন্য যা এআরএমভিত্তিক প্রসেসর ব্যবহার করে। এছাড়া এ চিপ ব্যবহার করা প্রথম ল্যাপটপগুলো বাজেট সচেতন গেমারদের জন্য আরো সহজলভ্য হবে বলে আশা করছেন তারা।
গত সপ্তাহে কোয়ালকম জানিয়েছিল, তারা স্ন্যাপড্রাগন এক্স সিরিজকে নতুন একটি মডেলের মাধ্যমে আরো উন্নত করতে যাচ্ছে। স্ন্যাপড্রাগন এক্স প্লাস বিশেষভাবে কম্পিউটার মার্কেটের জন্য ডিজাইন করা হয়েছে।










