চীনে চলতি মাসেই বাজারে আসছে দুটি নতুন স্মার্টফোন আইকিউওও জেড১০ টার্বো প্রো ও রেডমি টার্বো ফোর প্রো। দুটি ফোনেই ব্যবহার করা হয়েছে কোয়ালকমের নতুন চিপসেট স্ন্যাপড্রাগন ৮এস জেনফোর। সম্প্রতি চীনের মার্কেটিং ও রেডমি ব্র্যান্ডের প্রধান ওয়াং টেং চীনা সামাজিক মাধ্যম উইবোয় জানিয়েছেন, চলতি সপ্তাহেই বাজারে আসছে রেডমি টার্বো ৪ প্রো। ফোনটি মূলত পারফরম্যান্স-কেন্দ্রিক এবং মাঝারি দামের প্রিমিয়াম বাজারকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে। খবর গিজচায়না।
স্মার্টফোন বিশেষজ্ঞদের ধারণা, চলতি সপ্তাহে আত্মপ্রকাশের মাধ্যমে রেডমি টার্বো ৪ প্রো হবে স্ন্যাপড্রাগন ৮এস জেনফোর চিপসহ বিশ্বের প্রথম স্মার্টফোন। নতুন এ চিপে রয়েছে বড় কোরের সিপিইউ ডিজাইন, যা দ্রুত ও শক্তিশালী কার্যক্ষমতা নিশ্চিত করবে। সঙ্গে থাকছে অ্যাড্রেনো ৮২৫ জিপিইউ, যা ফ্ল্যাগশিপ অ্যাড্রেনো ৮৩০-এর একই প্রজন্মের অংশ। মিড-রেঞ্জ চিপসেট ক্যাটাগরিতে এটি একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। ফলে রেডমি টার্বো ৪ প্রো প্রায় ২ হাজার ৫০০ ইউয়ান (৪০ হাজার টাকার বেশি) দামের স্মার্টফোনগুলোর মধ্যে প্রতিযোগীদের চেয়ে এগিয়ে রাখবে। রেডমির প্রধান ওয়াং টেং থমাস জানান, ফোনটির পারফরম্যান্স প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডের ‘এস’ ও ‘নিও’ সিরিজের চেয়েও উন্নত হবে।
শাওমির সাব-ব্র্যান্ড রেডমি গত জানুয়ারিতে আপার মিড-রেঞ্জের স্মার্টফোন ‘রেডমি টার্বো ফোর’ উন্মুক্ত করে। ফোনটিতে উচ্চ কর্মক্ষমতাসম্পন্ন মিডিয়াটেকের ডাইমেনসিটি ৮৪০০ আল্ট্রা প্রসেসর ব্যবহার করা হয়েছে।










