নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে প্রবেশের জন্য ক্লাউডে ফাইল সংরক্ষণ জরুরি। বর্তমানে অনেক কোম্পানি ব্যবহারকারীদের ক্লাউড পরিষেবা সুবিধা প্রদান করে থাকে। এগুলোর মধ্যে মেক ইউজ অব অবলম্বনে সেরা সাতটি প্লাটফর্মের তথ্য জানা গেছে।

গুগল ড্রাইভ: বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ক্লাউড পরিষেবার নাম গুগল ড্রাইভ। প্রায় ১৫ গিগাবাইট (জিবি) পর্যন্ত বিনামূল্যে স্টোরেজ সুবিধা দিয়ে থাকে গুগলের সেগমেন্টটি। খুব সহজ ও স্বাচ্ছন্দ্যে ফাইল খোঁজা, সাজানো, শেয়ার এবং একই ফাইলে একসঙ্গে একাধিক ব্যবহারকারীকে কাজ করার সুবিধা দেয় গুগল ড্রাইভ। গুগল ওয়ানের মাধ্যমে ২ টেরাবাইট (টিবি) পর্যন্ত স্টোরেজ কেনার সুবিধা রয়েছে। 

মাইক্রোসফট ওয়ানড্রাইভ:  ফাইল ব্যাক-আপ এবং শেয়ারিংয়ের জন্য চমৎকার একটি ক্লাউড পরিষেবার নাম মাইক্রোসফট ওয়ানড্রাইভ। মাইক্রোসফটের অন্য পরিষেবাগুলো ব্যবহার করেন—এমন ব্যবহারকারীদের জন্য ওয়ানড্রাইভ চমৎকার বিকল্প হতে পারে। মাইক্রোসফট ৩৬৫ অ্যাকাউন্ট থাকলে ব্যবহারকারী ৫ জিবি ক্লাউড স্টোরেজ এবং ১৫ জিবি পর্যন্ত মেইলবক্স স্টোরেজ সুবিধা পাবেন। আইক্লাউড: অনেকের ধারণা, অ্যাপলের কোনো ডিভাইস ছাড়া আইক্লাউড ব্যবহার করা যায় না কিন্তু অ্যাপল আইডি (এটিও অ্যাপল ছাড়া অন্য ডিভাইসেও তৈরি করা যায়) থাকলেই যে কেউ আইক্লাউডে প্রবেশ করতে পারবেন। অ্যাপল ব্যবহারকারীদের জন্য ডিভাইসের সঙ্গে বাই-ডিফল্ট আইক্লাউড অ্যাক্সেস দেয়া থাকে। আইক্লাউডও ৫ জিবি স্টোরেজ বিনামূল্যে দিয়ে থাকে। 

পি-ক্লাউড: ব্যবহারকারীদের জন্য ৫০০ জিবি থেকে ২ টিবি স্টোরেজ সুবিধা দেয় পি-ক্লাউড। এছাড়াও ১০ টিবি পর্যন্ত লাইফটাইম স্টোরেজ সুবিধাও আছে ক্লাউড পরিষেবাটির। ব্যবহারকারীরা পি-ক্লাউডে পাসওয়ার্ড দিয়ে ফাইল সংরক্ষণ ও শেয়ার করতে পারেন। 

ড্রপবক্স: সাধারণ ব্যবহারকারীদের কাছে খানিকটা অপরিচিত হলে ড্রপবক্স প্রায়ই শীর্ষ ক্লাউড পরিষেবার তালিকায় উঠে আসে। বড় আকারের স্টোরেজের পাশাপাশি সহজে ব্যবহারের সুবিধার কারণে এটি ফাইল শেয়ারিং বা ব্যাকআপের জন্য নির্ভরযোগ্য ক্লাইড পরিষেবা। প্রাথমিকভাবে ২ জিবি পর্যন্ত স্টোরেজ সুবিধা দেয় ড্রপবক্স। সাবস্ক্রিপশনের মাধ্যমে এটি ২ বা ৩ টিবি পর্যন্ত বাড়ানোর সুবিধা পাবেন ব্যবহারকারীরা। 

সিঙ্ক: একই সঙ্গে স্টোরেজ এবং কোলাবেশন প্লাটফর্ম হিসেবে কাজ করে সিঙ্ক। বিনামূল্যে ৫ জিবি স্টোরেজ দেয় পরিষেবাটি। প্রিমিয়াম প্যাকেজ কিনে স্টোরেজ আরো বাড়িয়ে নেয়া যায়। সিঙ্ক দলগত কাজের ক্ষেত্রে একই সঙ্গে অসীম স্টোরেজ সুবিধা দেয়। এতে পি-ক্লাউডের মতো ব্যান্ডউইডথ সীমাবদ্ধতা নেই। 

মেগা: মেগা অন্যতম নিরাপদ ও সস্তা ক্লাউড স্টোরেজ পরিষেবা। ব্যবহারকারীদের বিনামূল্যেই প্রায় ২০ জিবি স্টোরেজ সুবিধা প্রদান করে মেগা। তবে পাবলিক শেয়ারিংয়ের এর ব্যান্ডউইডথ সীমাবদ্ধতা আছে। তবে ব্যক্তিগত ব্যবহারের ক্ষেত্রে এটি তেমন অসুবিধা তৈরি করবে না। ফ্রি-টায়ারের বাইরেও সাবস্ক্রিপশনের মাধ্যমে ২, ৮ ও ১৬ টিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানোর সুযোগ পাবেন ব্যবহারকারীরা।