মেটা প্লাটফর্ম ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের মামলা করেছেন কমেডিয়ান সারাহ সিলভারম্যান এবং আরো দুজন লেখক। মামলায় কৃত্রিম বুদ্ধিমত্তাকে ভাষা শেখানোর জন্য অনুমতি ছাড়াই তাদের কনটেন্ট ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে। খবর রয়টার্স।
সান ফ্রান্সিসকোর ফেডারেল কোর্টে প্রস্তাবিত ক্লাস অ্যাকশন মামলাটি করেছেন সারাহ সিলভারম্যান, রিচার্ড কাদরে ও ক্রিস্টোফার গোল্ডেন। ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটা এবং চ্যাটজিপিটির প্রস্তুতকারক ওপেনএআই চ্যাটবটকে প্রশিক্ষণ দেয়ার জন্য কপিরাইট করা উপাদান ব্যবহার করেছে বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে।
মেটা ও ওপেনএআই এ বিষয়ে প্রাথমিকভাবে কোনো মন্তব্য করেনি। চ্যাটবটের ডেভেলপাররা অ্যাপটি তৈরির সময় কপিরাইট করা তথ্যভাণ্ডার ব্যবহার করে যে আইনি ঝুঁকির মুখোমুখি হয়েছিলেন নতুন মামলাটি তা আরো একবার স্মরণ করিয়ে দিল।
সিলভারম্যান, কাদরে এবং গোল্ডেন অভিযোগ তুলেছেন, মেটা ও ওপেনএআই তাদের তথাকথিত বড় ভাষার মডেল (লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল) তৈরির জন্য অনুমোদন ছাড়াই বই ব্যবহার করেছে। এগুলোর প্রতিষ্ঠাতা আবার এসব উপাদানকে তাদের স্বয়ংক্রিয়করণ কার্যক্রমের একটি শক্তিশালী সরঞ্জাম হিসেবে উল্লেখ করেছেন, যা মানব কথোপকথনের প্রতিলিপি তৈরি করবে।
মেটার বিরুদ্ধে মামলায় বাদীরা অভিযোগ তুলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে প্রতিষ্ঠানটির ফাঁস হওয়া তথ্যে দেখা গেছে, তাদের কাজ কোনো অনুমতি ছাড়াই ব্যবহৃত হয়েছে।










