স্পেনে সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানি ব্রডকম। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত প্রকল্পে যুক্ত হওয়ার অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে। সম্প্রতি মাইক্রনের প্রধান নির্বাহী চার্লি কাওয়াস এ কথা জানান।

কাওয়াসের টুইটবার্তা বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সেমিকন্ডাক্টর সাপোর্ট প্রোগ্রামের আওতায় স্পেনের সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমে বিনিয়োগ সিদ্ধান্তের বিষয়ে কোম্পানি আশাবাদী। ই-মেইলে পাঠানো এক বিবৃতিতে স্পেনের অর্থ মন্ত্রণালয় জানায়, যে প্রকল্পে ব্রডকম যুক্ত হতে যাচ্ছে তার আর্থিক পরিমাণ ১০০ কোটি ডলারের কাছাকাছি হতে পারে। তবে প্রকল্পের বিষয়ে ব্রডকমের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মন্ত্রণালয় জানায়, এ প্রকল্পের আওতায় ইউরোপে বড় পরিসরে সেমিকন্ডাক্টর উৎপাদন কারখানা স্থাপন করা হতে পারে। তবে কারখানা স্থাপনের জায়গা এখনো নির্ধারণ করা হয়নি বলেও জানিয়েছে মন্ত্রণালয়। স্পেন সরকার জানায়, সেমিকন্ডাক্টর উৎপাদন খাতে ভর্তুকি প্রদান অব্যাহত থাকবে। এর অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের মহামারী রিলিফ ফান্ড থেকে ১ হাজার ২০০ কোটি ইউরো বা ১ হাজার ৩০০ কোটি ডলার বরাদ্দ রেখেছে।

স্পেন সরকার জানায়, ব্রডকমের আগে প্রযুক্তি জায়ান্ট সিসকো সিস্টেমসও নতুন চিপ ডিজাইন সেন্টার চালুর বিষয়ে ভাবছে। স্পেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর বার্সেলোনায় এটি স্থাপন করা হবে। মূলত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যুক্তরাষ্ট্র ও এশিয়ার সরবরাহের ওপর নির্ভরশীলতা কমাতে নিজ পর্যায়ে চিপ উৎপাদনে মনোযোগ দিচ্ছে। এর অংশ হিসেবেই বিনিয়োগের বিষয়টি সামনে এল।