কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট চ্যাটজিপিটি ব্যবহারকারীর সংখ্যা কয়েক সপ্তাহের মধ্যেই দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছেন স্যাম অল্টম্যান। এ সংখ্যা খুব দ্রুত বাড়ছে বলেও অভিমত তার। প্রযুক্তি, বিনোদন ও নকশাবিষয়ক অলাভজনক সংস্থা টিইডির তত্ত্বাবধায়ক ক্রিস অ্যান্ডারসনের সঙ্গে আলাপচারিতায় সম্প্রতি এ কথা জানান ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান। খবর ইন্ডিয়া টুডে।
প্রধান নির্বাহীর এমন মন্তব্যের মধ্যেই ফোর্বসের একটি প্রতিবেদনে বলা হয়, বর্তমানে চ্যাটজিপিটির ব্যবহারকারী সংখ্যা প্রায় ৮০ কোটি। আলাপচারিতায় অল্টম্যান বলেন, ‘বিশ্বের প্রায় ১০ শতাংশ মানুষ এখন আমাদের পরিষেবা ব্যবহার করে এবং দ্রুতগতিতে এ সংখ্যা বাড়ছে। এটা অনেক বড় বিষয়।’
কয়েক মাস ধরেই ওপেনএআইয়ের ব্যবহারকারী আকাশছোঁয়া হারে বাড়ছে বলে উল্লেখ করেন স্যাম। ২০২৪ সালের ডিসেম্বরে ওপেনএআই জানিয়েছে, এর সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা প্রায় ৩০ কোটি। এরপর গত মাসে নতুন ইমেজ জেনারেশন টুল চালুর পর ব্যবহারকারীর সংখ্যা হঠাৎ দ্বিগুণ হয়ে যায়।
চলতি মাসের শুরুতে ওপেনএআইয়ের চিফ অপারেটিং অফিসার (সিওও) ব্র্যাড লাইটক্যাপ জানান, নতুন ফিচার চালু হওয়ার মাত্র এক সপ্তাহেই ১৩ কোটি ব্যবহারকারী ৭০ কোটিরও বেশি ছবি তৈরি করেছে। নতুন ইমেজ জেনারেশন টুল জিপিটি ফোরও মডেলের সঙ্গে যুক্ত ব্যবহারকারীরা এখন সরাসরি চ্যাটবট থেকেই ছবি তৈরি করতে পারছে। আগে ছবির জন্য ডিএএলএল-ই বা সোরা নামক আলাদা টুল ব্যবহার করতে হতো। নতুন টুলটি স্টুডিও ঘিবলি স্টাইলের ছবি বানাতে বেশি দক্ষ। ফলে সম্প্রতি বিশ্বজুড়ে ব্যবহারকারীদের মধ্যে নিজেদের ছবি ঘিবলির শৈলীতে রূপান্তরের প্রবণতা শুরু হয়। এমনকি স্যাম অল্টম্যান ও ইলোন মাস্কও এ ট্রেন্ডে যোগ দেন।
ফলস্বরূপ ১ ঘণ্টায় চ্যাটজিপিটির ব্যবহারকারী সংখ্যা ছাড়ায় রেকর্ড ১০ লাখ। চলতি মাসের প্রথম দিন এক সোশ্যাল মিডিয়া পোস্টে এমন কথা জানান অল্টম্যান।
তিনি বলেন, ‘প্রায় দুই বছর আগে চ্যাটজিপিটি চালুর পর প্রথম ১০ লাখ ব্যবহারকারী পেতে সময় লেগেছিল পাঁচদিন। এখন এটি সম্ভব হয়েছে মাত্র ১ ঘণ্টায়।’
ক্রিস অ্যান্ডারসনের সঙ্গে সাম্প্রতিক কথোপকথনে অল্টম্যান আরো বলেন, ‘ভবিষ্যতে যখন কৃত্রিম বুদ্ধিমত্তা কোনো শিল্পকর্ম অনুকরণ করবে, তখন স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট শিল্পীকে পেমেন্ট পাঠানোর ব্যবস্থা থাকবে। তবে বর্তমানে প্লাটফর্মে কনটেন্ট তৈরিতে কপিরাইট সুরক্ষা যাতে লঙ্ঘন না হয়, সেজন্য কিছু নিরাপত্তা ব্যবস্থা চালু আছে।’










