বড় প্রযুক্তি কোম্পানিগুলোর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে ব্যয় চলতি দশকের শেষ পর্যন্ত অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা কোম্পানি ব্রডকমের প্রধান নির্বাহী হক ট্যান। সম্প্রতি ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।
ট্যান জানান, বিনিয়োগকারীদের এআই চিপ ব্যবসা নিয়ে আগ্রহের কারণে তার কোম্পানির বাজার মূল্য বর্তমানে ১ ট্রিলিয়নের (১ লাখ কোটি) বেশি ডলারে উন্নীত হয়েছে।
তিনি বলেন, ‘সিলিকন ভ্যালির বিনিয়োগকারীরা তিন-পাঁচ বছর মেয়াদি এআই অবকাঠামো প্রকল্পে ব্যাপকভাবে ব্যয় করছে। তারা তখনই বিনিয়োগ বন্ধ করবে, যখন তাদের অর্থ ফুরিয়ে যাবে কিংবা শেয়ারহোল্ডাররা তাদের থামতে বলবে।’
গত শুক্রবার ব্রডকমের শেয়ারের দাম একদিনে ২৪ শতাংশ বেড়ে যায়। ২০২৪ অর্থবছরে এআই থেকে কোম্পানিটির রাজস্ব ২২০ শতাংশ বেড়ে ১ হাজার ২২০ কোটি ডলারে পৌঁছেছে। এ খবর প্রকাশের পর ব্রডকমের শেয়ারদরে উল্লম্ফন ঘটে। এদিন ব্রডকমের বাজার মূলধনে ২০ হাজার কোটি ডলারের বেশি যোগ হয়েছে এবং কোম্পানিটির বাজার মূল্য প্রথমবারের মতো ১ ট্রিলিয়ন ডলার অতিক্রম করেছে।
হক ট্যান জানান, ‘২০২৭ সালের মধ্যে ব্রডকমের এআই চিপ থেকে বার্ষিক রাজস্ব ১০০ কোটি ডলারের বেশি হতে পারে।’










